আর মাত্র দু’দিনের অপেক্ষা। তারপরই প্রকাশ্যে আসবে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল। পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, তামিলনাড়ু, কেরলম এবং পুদুচেরিতেও ফল ঘোষণাকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। এই আবহেই ভোট-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে আগাম বৈঠকের প্রস্তুতি শুরু করল ইন্ডিয়া জোট।
সূত্রের খবর, ফল প্রকাশের পরেই বৈঠকে বসবেন জোটের নেতারা। পশ্চিমবঙ্গ, কেরলম ও তামিলনাড়ুর ভোটের ফল এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিশদ পর্যালোচনা হবে। কোন রাজ্যে কী ধরনের ফল হল, ভোট শতাংশ কেমন রইল, জোটের শক্তি কতটা বাড়ল বা কমল—সব দিক খতিয়ে দেখা হবে।
Advertisement
শুধু ফল বিশ্লেষণই নয়, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। বিশেষ করে মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধী ঐক্য কীভাবে আরও শক্তিশালী করা যায়, তা নিয়েও মতবিনিময় হবে বলে জানা গিয়েছে।
Advertisement
এখনও পর্যন্ত স্পষ্ট নয়, বৈঠকে জোটের শীর্ষ নেতৃত্ব সরাসরি উপস্থিত থাকবেন, নাকি সংসদীয় দলের প্রতিনিধিরা অংশ নেবেন। তবে সূত্রের ইঙ্গিত, এই বৈঠকের উদ্যোগ নিচ্ছে কংগ্রেস। জাতীয় রাজনীতিতে বিরোধীদের যৌথ অবস্থান ধরে রাখাই এই বৈঠকের মূল লক্ষ্য।
এদিকে নির্বাচন প্রক্রিয়া নিয়েও বিতর্ক জারি রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ইতিমধ্যেই বিরোধীদের তরফে নোটিস জমা পড়েছে। ৭৩ জন সাংসদের স্বাক্ষর রয়েছে সেই নোটিসে।
বিরোধীদের অভিযোগ, নির্বাচনের সময় সরকারি সম্প্রচার মাধ্যম ব্যবহার করে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে। এই অভিযোগ ঘিরে কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
ফল ঘোষণার আগে রাজনৈতিক চাপানউতোরের এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
Advertisement



