• facebook
  • twitter
  • youtube
Monday, 24 August, 2026

কুকি-নাগা সংঘর্ষে ফের অশান্ত মণিপুর, গুলিতে আহত সিআরপিএফ-এর ১ জওয়ান

২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে মেইতেই ও কুকি-জো গোষ্ঠীর মধ্যে জাতিগত সংঘর্ষ চলছে। সেই হিংসায় ২৬০-র বেশি মানুষের মৃত্যু

কুকি-নাগা সংঘর্ষে ফের অশান্ত মণিপুর, গুলিতে আহত সিআরপিএফ-এর ১ জওয়ান

Manipur Violence Photo-SNS

ফের অশান্ত মণিপুর। সেনাপতি জেলায় কুকি ও নাগা গোষ্ঠীর সংঘর্ষের মধ্যে পড়ে গুলিতে জখম হলেন সিআরপিএফের ১ জওয়ান। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কাংপোকপি ও সেনাপতি জেলার কয়েকটি এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপরেই ২ গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে যথেষ্ট বেগ পেতে হয়।পরিস্থিতির জেরে সেনাপতি জেলায় অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাত আড়াইটে নাগাদ কাংপোকপির তাপৌ কুকি গ্রামে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। এর ঘণ্টাখানেক পর, সোমবার ভোর ৪টে নাগাদ সেনাপতি জেলার তাপৌ নাগা এলাকায় বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সকাল ৯টা ২০ মিনিট নাগাদ ওই এলাকায় দুটি গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়। সেখানেই গুলিবিদ্ধ হন সিআরপিএফের ৩৬তম ব্যাটালিয়নের সাব-ইনস্পেক্টর প্রদীপ সিংহ। তাঁকে সেনাপতি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

এদিকে অগ্নিসংযোগ ও গুলির লড়াইয়ের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় সেনাপতি জেলায়। অশান্তির আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের অনেকে এলাকা ছেড়ে চলে যান। বাসিন্দাদের একাংশের অভিযোগ, কুকিদের সশস্ত্র একটি গোষ্ঠী নাগা অধ্যুষিত গ্রামে প্রথম হামলা চালায়। তবে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে কুকিদের সংগঠন আবার বাড়িঘরে হামলা চালানোর অভিযোগ করে কড়া নিন্দা জানায়। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানায় তারা। অশান্তির ঘটনা ছড়িয়ে পড়তেই স্থানীয়দের একাংশ ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। কাঠ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর ফলে যান চলাচলও ব্যাহত হয়। এই সড়ক নাগাল্যান্ডের ডিমাপুরকে মণিপুরের রাজধানী ইম্ফলের সঙ্গে যুক্ত করেছে।

২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে মেইতেই ও কুকি-জো গোষ্ঠীর মধ্যে জাতিগত সংঘর্ষ চলছে। সেই হিংসায় ২৬০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। পরিস্থিতি আগের তুলনায় শান্ত হলেও মাঝেমধ্যেই বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে। নতুন করে সেনাপতি ও কাংপোকপিতে সংঘর্ষের ঘটনায় সেই উদ্বেগ ফের সামনে এল।

এদিকে, মণিপুরের পরিস্থিতি নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে সোমবার দিল্লি গিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা এন বীরেন সিং। তাঁর এই সফরের সময়ে জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি আপডেট করার দাবিও জোরালো হয়েছে। এই দাবিকে ঘিরেও রাজ্যে বিক্ষোভ ও উত্তেজনার খবর পাওয়া যায়। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে মণিপুরের সামগ্রিক পরিস্থিতির পাশাপাশি এনআরসি নিয়ে ওঠা দাবিও আলোচনায় আসতে পারে।