• facebook
  • twitter
  • youtube
Monday, 28 September, 2026

স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে পর পর গুলি চালাল দুষ্কৃতীরা, ডানকুনিতে ব্যাপক আলোড়ন

তাছাড়া গুলির শব্দে এলাকায় ব্যাপক আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। সুযোগ বুঝে চম্পট দেয় ছিনতাইবাজরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে

স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে পর পর গুলি চালাল দুষ্কৃতীরা, ডানকুনিতে ব্যাপক আলোড়ন

Dankuni Shootout Photo-SNS

দোকান বন্ধ করে স্ত্রীর সঙ্গে বাড়ি ফিরছিলেন। আর পথেই এক স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে পর পর দু’রাউন্ড গুলি চালাল দুষ্কৃতীরা। ডানকুনির ১৬ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর রেল গেট এলাকায় এই শুটআউটের ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। আক্রান্ত স্বর্ণব্যবসায়ীর নাম পার্থ দাস। গুলি থেকে কোনওরকমভাবে স্বর্ণব্যবসায়ী বেঁচে গেলেও তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনতাই করে চম্পট দিয়েছে পাঁচজন দুষ্কৃতী বলে অভিযোগ। কী কারণে এই ঘটনা ঘটল সেটা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, রবিবার একটু বেশি রাতে এলাকায় একটি জটলা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। হই-হট্টগোল শুনে তাঁরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন গুলি করা হয়েছে স্বর্ণব্যবসায়ীকে। তাতে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখেন স্বর্ণব্যবসায়ী পার্থ দাস মোটরবাইক-সহ নর্দমায় পড়ে আছেন। তাঁর স্ত্রী সাহায্যের জন্য চিৎকার করছেন। দুটি মোটরবাইকে চড়ে আসা পাঁচজন দুষ্কৃতী তাঁদের গতিপথ আটকায়। তারপর সজোরে ধাক্কা দিয়ে দম্পতিকে মোটরবাইক থেকে ফেলে দেয়। আর স্বর্ণব্যবসায়ীর কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেয়। পার্থবাবু বাধা দিলে তাঁকে লক্ষ্য করে পর পর দু’রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।

ওই গুলি  একটি বাড়ির দেওয়ালে গিয়ে লাগে। স্বর্ণব্যবসায়ী পার্থ দাস জানান, দোকান বন্ধ করে বেরোনোর পরে স্ত্রীকে নিয়ে মোটরবাইকে চড়ে বাড়ির দিকে যাওয়ার সময়ে তাঁদের ধাক্কা মারে আর একটি মোটরবাইক। তার জেরে ভারসাম্য হারিয়ে নর্দমায় পড়ে যান তিনি। ওই পরিস্থিতিতে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি গুলি বাড়ির দেওয়ালে লাগে। অন্য গুলিও লক্ষ্যভ্রষ্ট হয়। তখনই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। কিন্তু ততক্ষণে স্ত্রীর কাছ থেকে মোবাইল ফোন এবং ব্যাগ ছিনিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

তাছাড়া গুলির শব্দে এলাকায় ব্যাপক আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। সুযোগ বুঝে চম্পট দেয় ছিনতাইবাজরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ডানকুনি থানার পুলিশ। শুধু লুঠপাটের উদ্দেশেই এই দুষ্কৃতী হামলা, নাকি নেপথ্যে অন্য কোনও শত্রুতা আছে সেটা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই এলাকায় অন্তত ২৪-২৫ বছর ধরে ব্যবসা করছেন পার্থবাবু। আগে এলাকায় এমন কোনও ঘটনা ঘটেনি। কী কারণে এই ঘটনা ঘটল সেটা এখনও স্পষ্ট নয়। ডানকুনি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই স্বর্ণব্যবসায়ী। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।