দিল্লির নির্বাচন সদনে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বৈঠক ঘিরে বুধবার রাজনৈতিক মহলে উত্তাপ ছড়ায়। তৃণমূলের প্রতিনিধি দলের অন্যতম সদস্য ও সাংসদ ডেরেক ও’ব্রায়েন অভিযোগ করেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁদের ‘গেস্ট লস্ট’ বলে বৈঠক থেকে বের করে দেন। যদিও এই অভিযোগ নিয়ে সরাসরি কিছু না বললেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়, বৈঠকের সময় তৃণমূলের প্রতিনিধিরাই উচ্চস্বরে কথা বলছিলেন এবং পরিবেশ উত্তপ্ত করে তুলেছিলেন।
সম্প্রতি নির্বাচন কমিশন জানায়, বিবেচনাধীন ভোটার তালিকা থেকে ২৭ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। এর পরই তৃণমূল ঘোষণা করে যে তারা দিল্লিতে গিয়ে কমিশনের সঙ্গে সরাসরি কথা বলবে। সেই অনুযায়ী বুধবার সকাল ১০টায় চার সদস্যের প্রতিনিধি দল নির্বাচন সদনে পৌঁছয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁরা বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন। ডেরেকের দাবি, কোনও আলোচনা হওয়ার আগেই তাঁদের বেরিয়ে যেতে বলা হয়।
Advertisement
বৈঠক থেকে বেরিয়ে তৃণমূল জানায়, তারা ছ’টি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চেয়েছিল এবং মুখ্যমন্ত্রীর পাঠানো একাধিক চিঠির উল্লেখও করতে চেয়েছিল। কিন্তু কমিশনের পক্ষ থেকে সেই সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ। ডেরেক ক্ষোভ প্রকাশ করে বলেন, বৈঠকে কার্যত কোনও কথাবার্তাই হয়নি এবং কমিশনার একতরফাভাবে আচরণ করেছেন। তিনি আরও কড়া ভাষায় মুখ্য নির্বাচন কমিশনারের সমালোচনা করেন।
Advertisement
অন্যদিকে কমিশনের বক্তব্য, তারা তৃণমূলকে স্পষ্ট জানিয়েছে যে আসন্ন নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও ভয়মুক্ত করতে তারা বদ্ধপরিকর। পাশাপাশি বৈঠকের সময় শিষ্টাচার বজায় রাখার জন্য ডেরেককে সতর্ক করা হয়েছিল বলেও সূত্রের খবর।
উল্লেখ্য, এর আগেও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে উত্তেজনার ঘটনা ঘটেছে। ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক মাঝপথে বয়কট করেছিলেন। একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পূর্বে বৈঠকে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলেছিলেন। ফলে বুধবারের ঘটনায় তৃণমূল ও নির্বাচন কমিশনের দ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে এল।
Advertisement



