দিল্লিতে দলের দীর্ঘদিনের সদর দপ্তর ছাড়ার নোটিস ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে সরব হল কংগ্রেস। ২৪ আকবর রোডের অফিস আগামী ২৮ মার্চের মধ্যে খালি করার নির্দেশ জারি হতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কংগ্রেসের অভিযোগ, চাপ সৃষ্টি করে বিরোধী কণ্ঠস্বর দমিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, দিল্লির ২৪ আকবর রোডে অবস্থিত এই দপ্তর প্রায় পাঁচ দশক ধরে কংগ্রেসের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। যদিও গত বছর কোটলা মার্গে ‘ইন্দিরা ভবন’ নামে নতুন দপ্তর চালু হয়েছে। পুরনো অফিস এখনও সম্পূর্ণ খালি করা হয়নি বলে জানা গিয়েছে।
Advertisement
কংগ্রেসের লোকসভার সাংসদ ইমরান মাসুদ সরাসরি কেন্দ্রকে নিশানা করে বলেন, এই পদক্ষেপের মাধ্যমে কংগ্রেসকে স্তব্ধ করার চেষ্টা চলছে। তবে দল ভয় পাচ্ছে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। পাশাপাশি প্রশ্ন তোলেন, বিজেপির নিজস্ব দপ্তর কি এখনও ১১ অশোক রোড বা পন্ত মার্গেই রয়েছে ?
Advertisement
এই ইস্যুতে প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারিও। তাঁর কথায়, এই পদক্ষেপ গণতান্ত্রিক পরম্পরার পরিপন্থী। তিনি জানান, নোটিস হাতে পাওয়ার পর দলীয় স্তরে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, সাম্প্রতিক লোকসভা ভাষণে নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীর বক্তব্যে আন্তর্জাতিক ইস্যু, বিশেষ করে আমেরিকার প্রসঙ্গ এড়িয়ে যাওয়া হয়েছে। এমনকি তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী কার্যত ডোনাল্ড ট্রাম্পের প্রভাবেই চলছেন।
কংগ্রেসের দাবি, আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে কেন্দ্রের ব্যর্থতা আড়াল করতেই এই ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফলে দপ্তর খালি করার নোটিস ঘিরে কেন্দ্র ও বিরোধীদের সংঘাত যে আরও তীব্র হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Advertisement



