• facebook
  • twitter
Saturday, 2 May, 2026

আন্তর্জাতিক উড়ান কমাল এয়ার ইন্ডিয়া, যাত্রীদের ভোগান্তির আশঙ্কা

এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তে পশ্চিম এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকা রুটে উড়ানের সংখ্যা কিছুটা কমতে চলেছে

চলতি বছরের জুলাই মাস পর্যন্ত সংস্থার আন্তর্জাতিক উড়ান পরিষেবা বেশ কিছুটা কমানো হবে। এক বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক উড়ান পরিষেবা কমানোর কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া। আন্তর্জাতিক আকাশপথে বিধিনিষেধ এবং ক্রমবর্ধমান জ্বালানির দামের কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তে যাত্রীরা যথেষ্ট সমস্যায় পড়বেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

সংস্থার তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে বিমানের জ্বালানি বা অ্যাভিয়েশন ফুয়েলের দাম অস্বাভাবিক বেড়েছে। অন্যদিকে, একাধিক গুরুত্বপূর্ণ আকাশপথ এখনও স্বাভাবিক হয়নি। মূলত পশ্চিম এশিয়া ও ইউরোপের একাধিক অঞ্চলে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে আকাশসীমা আংশিক বন্ধ রয়েছে। তাই ঘুরপথে চালাতে হচ্ছে বিমান।

Advertisement

এই কারণে আন্তর্জাতিক উড়ান পরিচালনা করা ব্যয়বহুল হয়ে পড়েছে। বিমান পরিচালনার ব্যয় বাড়লেও যাত্রীভাড়া সেভাবে বাড়েনি। সে কারণেই কম লাভজনক বা কম চাহিদাসম্পন্ন রুটগুলিতে পরিষেবা আংশিক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার এক আধিকারিক বলেছেন, ‘যাত্রীদের নিরাপত্তা ও পরিষেবার মান বজায় রেখে আমরা আর্থিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছি।’

Advertisement

এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তে পশ্চিম এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকা রুটে উড়ানের সংখ্যা কিছুটা কমতে চলেছে। সংস্থার তরফে যাত্রীদের আগাম টিকিট কাটার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ চাহিদার তুলনায় আসন সংখ্যা কম। ফলে টিকিটের দাম বাড়তে পারে।

অনেকেই মনে করছেন, এয়ার ইন্ডিয়ার পর অন্য বিমান সংস্থাগুলিও একই পথে হাঁটতে পারে। বিমানের টিকিটের দাম বাড়লে পর্যটনেও বড় প্রভাব পড়বে বলে মনে করছে ভ্রমণ সংস্থাগুলি। তবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের আশা, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। সেক্ষেত্রে জুলাই মাসের পর পরিষেবা বাড়ানো যেতে পারে। তাই পরিস্থিতির উপর সতর্ক নজর রাখা হচ্ছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যাভিয়েশন ফুয়েলের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে গোটা বিশ্বেই বিমান শিল্পে ধাক্কা লেগেছে। সাম্প্রতিক ভূরাজনৈতিক অস্থিরতা আকাশপথকেও সঙ্কুচিত করেছে। তারই ঢেউ পৌঁছেছে প্রতিটি দেশে। ভারতও তার ব্যতিক্রম নয়।

Advertisement