• facebook
  • twitter
Friday, 24 April, 2026

রাঘব চাড্ডা-সহ ৭ আপ সাংসদের বিজেপিতে যোগ, চাপে কেজরিওয়াল

আম আদমি পার্টিতে বড় ভাঙন, রাঘব চাড্ডা-সহ ৭ রাজ্যসভা সাংসদের বিজেপিতে যোগে চাপে অরবিন্দ কেজরিওয়াল। জাতীয় রাজনীতিতে নতুন বিতর্ক শুরু।

জাতীয় রাজনীতিতে বড়সড় আলোড়ন ফেলল আম আদমি পার্টিতে ভাঙন। শুক্রবার দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করলেন রাঘব চাড্ডা। তাঁর সঙ্গে আরও ছয়জন রাজ্যসভা সাংসদও দলত্যাগ করেছেন বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় অরবিন্দ কেজরিওয়াল-এর নেতৃত্বাধীন দলের উপর বড় চাপ তৈরি হয়েছে।

দিল্লিতে সাংবাদিক বৈঠকে রাঘব চাড্ডা জানান, সংবিধানের বিধান মেনে রাজ্যসভায় আপের দুই-তৃতীয়াংশ সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, আপের মোট ১০ জন রাজ্যসভা সাংসদের মধ্যে ৭ জনই দল ছেড়ে দিয়েছেন। এই তালিকায় স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তাল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা এবং বিক্রম সাহানির নামও রয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

রাঘব জানান, দলত্যাগের বিষয়ে সাত সাংসদের স্বাক্ষর করা চিঠি ইতিমধ্যেই রাজ্যসভার চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়েছে। কেন তিনি দল ছাড়লেন, সেই প্রশ্নের উত্তরে রাঘব বলেন, ‘যে দলকে আমি ১৫ বছর ধরে গড়ে তুলেছি, সেই দল এখন নিজেদের আদর্শ ও মূল্যবোধ থেকে সরে গিয়েছে। দেশের স্বার্থের বদলে ব্যক্তিগত লাভের দিকে ঝুঁকেছে। তাই জনগণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

Advertisement

উল্লেখযোগ্যভাবে, গত কয়েক মাস ধরেই আপের সঙ্গে রাঘবের দূরত্ব বাড়ছিল। কিছু দিন আগে তাঁকে রাজ্যসভার উপদলনেতার পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। একই সময়ে বিজেপির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার জল্পনাও ছড়িয়েছিল। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল।

বর্তমানে রাজ্যসভায় আপের সাংসদ সংখ্যা ছিল ১০, যার অধিকাংশই পাঞ্জাব থেকে নির্বাচিত। এই ভাঙনের ফলে সেই সংখ্যা কমে দাঁড়াতে পারে মাত্র ৩-এ। রাজনৈতিক মহলের মতে, এতে পাঞ্জাবে দলের সাংগঠনিক শক্তিতেও ধাক্কা লাগতে পারে।

ঘটনার পর অরবিন্দ কেজরিওয়াল সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘বিজেপি আবার পাঞ্জাবের মানুষকে ঠকাল।’ অন্যদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘এটি পাঞ্জাবের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা। কেউ দলের চেয়ে বড় নয়। মানুষ এই কাজের জবাব দেবে।’

এই ঘটনাকে ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। আপের ভাঙন এবং বিজেপির শক্তিবৃদ্ধি—দু’দিক থেকেই এই ঘটনা আগামী দিনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement