• facebook
  • twitter
  • youtube
Saturday, 19 September, 2026

খরস্রোতা নালায় পড়ল পুণ্যার্থীদের গাড়ি, ৩ শিশু-সহ মৃত ৮

বগলামুখী মন্দিরে যাতায়াতের জন্য ওই কালভার্ট পার হতে হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কালভার্ট পার হওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খরস্রোতা নালায় পড়ে যায়। পুণ্যার্থীরা গাড়ির ভিতরে আটকে পড়েন।

খরস্রোতা নালায় পড়ল পুণ্যার্থীদের গাড়ি, ৩ শিশু-সহ মৃত ৮

Photo: Statesman

মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলায় ভয়াবহ দুর্ঘটনা। শনিবার ভোরে দুর্ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় দুই মহিলা, তিন পুরুষ ও তিন শিশু ছিল। মা বগলামুখী মন্দিরের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খরস্রোতা নালায় পড়ে যায়। পুণ্যার্থীরা সকলেই মা বগলামুখী মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে ৭ জন ওড়িশার বাসিন্দা। গাড়ির চালক ছিলেন গুজরাতের বরোদার বাসিন্দা। উজ্জয়িনীর একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি যুক্ত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তীর্থযাত্রা সেরে পরে গাড়িটি উপচে পড়া কালভার্ট পার হচ্ছিল। গত ২৪ ঘণ্টায় এলাকায় বৃষ্টি হওয়ায় নালা ও কালভার্টের জলস্তর বেড়ে যায়।

প্রবল বৃষ্টির কারণে শুক্রবার রাত থেকেই নালার জল উপচে পড়ছিল। বগলামুখী মন্দিরে যাতায়াতের জন্য ওই কালভার্ট পার হতে হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কালভার্ট পার হওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খরস্রোতা নালায় পড়ে যায়। পুণ্যার্থীরা গাড়ির ভিতরে আটকে পড়েন। খবর পেয়ে নালখেড়া থানার পুলিশ ও প্রশাসনের যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

আগর মালওয়ার কালেক্টর শের সিং মীনা জানিয়েছেন, দেহগুলি উদ্ধার করার পর গাড়িটিকে দড়ির সাহায্যে তুলে আনা হয়। গাড়ির ভিতরে আরও কেউ ছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। দুর্ঘটনাটি সেতু থেকে গাড়ি পড়ে যাওয়ার কারণে ঘটেছে, নাকি অন্য কোনও জায়গা থেকে গাড়িটি নালায় পড়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন: নিঠারিকাণ্ডে বেকসুর খালাস সুরিন্দর কোলির রহস্যজনক মৃত্যু আত্মহত্যা না খুন, উঠল প্রশ্ন  

আগর মালওয়ার পুলিশ সুপার দিলীপ সোনি ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত ৭ জন ওড়িশার বাসিন্দা। তাঁদের নির্দিষ্ট ঠিকানা ও পরিবারের লোকেদের শনাক্ত করে দ্রুত খবর দেওয়ার চেষ্টা চলছে। ঘটনায় পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। এর পাশাপাশি দুর্ঘটনাস্থলের পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে।