• facebook
  • twitter
  • youtube
Saturday, 6 June, 2026

মদ খেতে বারণ করায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর সোদপুরে

রাত ৯টা নাগাদ ওই যুবক-যুবতী আচমকা তৃণমূলের ওই কার্যালয়ে চড়াও হন। কোনও কিছু বুঝে ওঠার আগেই তাঁরা তৃণমূল কর্মীদের মারধর শুরু করেন।

সোদপুরে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। অভিযোগের তির এক যুবক-যুবতীর দিকে। রাস্তার ধারে বসে ওই যুগল মদ্যপান করছিল। স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁদের বারণ করেন। এর কিছুক্ষণের মধ্যেই ওই যুগল তৃণমূল কার্যালয়ে বেপরোয়া ভাঙচুরও চালায়। মারধরও করা হয় তৃণমূল কর্মীদের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দহ থানার সোদপুর এলাকায়। ইতিমধ্যেই ওই যুবক-যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোদপুর এইচবি টাউন মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় রয়েছে। রবিবার সকালে সেই কার্যালয়ের সামনে রাস্তার ওপর বসে মদ্যপান করছিলেন। সেই সময় তৃণমূল কর্মীরা তাঁদের সেখানে বসে মদ্যপান করতে নিষেধ করেন। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা বেধে যায়। যদিও সেই সময়ের মধ্যে ঝামেলা মিটে যায়।

রাত ৯টা নাগাদ ওই যুবক-যুবতী আচমকা তৃণমূলের ওই কার্যালয়ে চড়াও হন। কোনও কিছু বুঝে ওঠার আগেই তাঁরা তৃণমূল কর্মীদের মারধর শুরু করেন। সেই সময় অনেকে পার্টি অফিসে ক্যারম খেলছিলেন। পার্টি অফিসের আসবাবপত্র, ক্যারম বোর্ড ভাঙচুর করে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। ঘটনার সময় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাও সেখানে ছিলেন।

তৃণমূল কর্মীরা খড়দহ থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবক-যুবতীকে গ্রেপ্তার করে। তৃণমূল কর্মী গৌতম বসু বলেন, আমাদের গায়েও হাত তুলেছে। আসবাবপত্র ভাঙচুর করেছে। মহিলা হওয়ায় আমরা কিছু বলতে পারছিলাম না। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে।