ওড়িশায় আবার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকাল ৮টা ৫১ মিনিট নাগাদ জাজপুর জেলার জাখাপুরা রেলস্টেশনের কাছে চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেস (২২৬১১) হঠাৎই লাইনচ্যুত হয়। ট্রেনটির তিনটি বগি ট্র্যাক থেকে বেরিয়ে যায়-একটি এসি কোচ ও দুটি সাধারণ কামরা। ঘটনার সময় ট্রেনটি ভুবনেশ্বর থেকে কলকাতার দিকে আসছিল বলে রেলসূত্রে জানা গিয়েছে। হঠাৎ ঝাঁকুনিতে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। অনেকে তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন। তবে ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। এখনও পর্যন্ত কোনও হতাহত বা গুরুতর জখমের খবর মেলেনি।
রেলের এক আধিকারিক জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভদ্রক থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুবনেশ্বর ও খুরদা রোড থেকে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ও মেডিক্যাল টিমও দ্রুত পৌঁছে যায়। যাত্রীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিগুলি সরিয়ে ট্রেনটিকে পুনরায় লাইনে তোলার কাজ চলছে। পূর্ব উপকূল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপক রাউত জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কেন এই লাইনচ্যুতি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করেছে রেল,৮১১৪৩৮২৩৬৭-এই নম্বরে যাত্রীরা ফোন করতে পারবেন বলে জানানো হয়েছে।
Advertisement
রেলসূত্রে জানা গিয়েছে, ট্রেনটিতে মোট ২১টি বগি ছিল, যার মধ্যে ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত কোচ। ঘটনাস্থলে রেলের টেকনিশিয়ান ও উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থেকে পরিস্থিতি সামাল দিচ্ছেন। অন্য ট্রেন পরিষেবায় বড় কোনও বিঘ্ন ঘটেনি বলেও জানানো হয়েছে।
Advertisement
Advertisement



