• facebook
  • twitter
Sunday, 5 April, 2026

ভোট প্রশিক্ষণ শিবিরে পচা খাবার নিয়ে বিক্ষোভে উত্তাল কান্দি

ভোটের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের আগে কর্মীদের জন্য সুষ্ঠু পরিবেশ ও ন্যূনতম সুবিধা নিশ্চিত করা প্রয়োজন বলে মত অনেকের।

ভিডিও থেকে সংগৃহীত চিত্র

ভোটের প্রস্তুতি ঘিরে চরম বিশৃঙ্খলার ছবি সামনে এল কান্দিতে। কান্দি রাজ উচ্চ বিদ্যালয় ও কান্দি রাজ কলেজে চলা ভোট প্রশিক্ষণ শিবিরে পচা ও অস্বাস্থ্যকর খাবার দেওয়ার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়লেন ভোট কর্মীরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ক্ষুব্ধ কর্মীরা সেখানেই খাবার ফেলে দিয়ে প্রশাসনের সামনে ক্ষোভ উগরে দেন।

জানা গিয়েছে, রবিবার কান্দি মহকুমার প্রিসাইডিং অফিসার ও প্রথম ভোটকর্মীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। সেই প্রশিক্ষণ চলাকালীনই দুপুরের খাবার হিসেবে যে খাবার দেওয়া হয়, তা থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে বলে অভিযোগ। খাবারের গুণমান নিয়ে সন্দেহ হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত ভোট কর্মীরা।

Advertisement

ঘটনাস্থলে উপস্থিত মহকুমা শাসক প্রদীপ্ত বিশ্বাসের সামনেই প্রতিবাদ জানান কর্মীরা। তাঁদের অভিযোগ, এভাবে নিম্নমানের খাবার দেওয়া শুধু অবমাননাকরই নয়, স্বাস্থ্যঝুঁকিও তৈরি করে। অনেকেই সরাসরি খাবার ফেলে দিয়ে প্রতিবাদ জানান।

Advertisement

ভোট কর্মীদের একাংশ জানান, এই প্রথম নয়, এর আগেও একই ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছে। কয়েকদিন আগে একটি প্রশিক্ষণ শিবিরে দুপুরের খাবার নির্দিষ্ট সময়ের অনেক পরে পৌঁছায়। বিকেল গড়িয়ে যাওয়ার পর খাবার আসায় সেদিনও ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা।

এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের আগে কর্মীদের জন্য সুষ্ঠু পরিবেশ ও ন্যূনতম সুবিধা নিশ্চিত করা প্রয়োজন বলে মত অনেকের। তৃণমূলের মতে, রাজ্যে সুষ্ঠু ভোট পরিচালনার ক্ষেত্রে প্রশাসন সব রকম ব্যবস্থা নিচ্ছে, কিন্তু কিছু ক্ষেত্রে গাফিলতি থেকে এমন ঘটনা ঘটছে। দ্রুত বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Advertisement