চলতি বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে জঙ্গলমহলের রাজনীতিতে নতুন সমীকরণ। ঝাড়খণ্ডের ডুমরির বিধায়ক ‘টাইগার’ জয়রাম মাহাতো ঘোষণা করেছেন, তাঁর দল ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা (জেএলকেএম) পুরুলিয়ার ৯টি বিধানসভা আসনে প্রার্থী দেবে। দলের কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী সাত দিনের মধ্যে বাংলায় এসে প্রার্থী তালিকা ঘোষণা করবেন তিনি।
জেএলকেএম-এর পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি অশ্বিনী মাহাতো জানিয়েছেন, পুরুলিয়ার সবক’টি আসনেই লড়াই করবে দল। ইতিমধ্যে জেলা কমিটি গঠন করা হয়েছে। পূর্ব ও পশ্চিম ভাগে দু’জন জেলা সভাপতি সহ ২৬ জনের পূর্ণাঙ্গ কমিটি তৈরি হয়েছে। প্রায় ৭০ শতাংশ বুথে দলের কমিটি গঠন করা হয়েছে। বাকি ৩০ শতাংশ বুথে এখনও জেএলকেএম ঢুকতে পারেনি।
Advertisement
২০২৫ সালের ২ নভেম্বর পুরুলিয়ার জয়পুরে প্রথম বড় সভা করে জঙ্গলমহলে শক্তি প্রদর্শন করেছিল জেএলকেএম। তখনই চার জেলা— পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে লড়াইয়ের ইঙ্গিত দেন জয়রাম মাহাতো। তবে সংগঠনগত জোর বেশি দেখা গিয়েছে পুরুলিয়াতেই। কয়েকদিন আগেই পূর্ণাঙ্গ পুরুলিয়া জেলা কমিটি তৈরি করেছে জেএলকেএম।
Advertisement
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুড়মি অধ্যুষিত এলাকায় জেএলকেএম প্রার্থী দিলে ভোটের অঙ্কে বড় প্রভাব পড়বে। আদিবাসী কুড়মি সমাজ এ বারের নির্বাচনে প্রার্থী দিচ্ছে না। ফলে যে কুড়মি ভোট এতদিন বিজেপির ঘরে যেত, তার একটি বড় অংশ জয়রাম মাহাতোর দিকে যেতে পারে। এতে ভোট ভাগ হয়ে শাসক তৃণমূল কংগ্রেসের সুবিধা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে পুরুলিয়া জেলা তৃণমূল এ বিষয়ে মুখ
খুলতে নারাজ।
Advertisement



