জীবিত অবস্থায় নন্দনে একাধিকবার বিতর্ক এবং বাধার মুখে পড়তে হয়েছিল পরিচালক অনীক দত্তকে। অভিযোগ উঠেছিল, তাঁর কিছু ছবি সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে প্রদর্শনের অনুমতি পায়নি। সেই নন্দনেই শুক্রবার, ২৯ মে এসে পৌঁছল প্রয়াত পরিচালকের নিথর দেহ। আবেগঘন পরিবেশে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমালেন অনুরাগী, সহকর্মী এবং টলিউডের বহু পরিচিত মুখ।
অনীকের শেষযাত্রায় উপস্থিত ছিলেন অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। নন্দন চত্বরে দাঁড়িয়ে তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে অনীক দত্তর যেসব ছবি নন্দনে প্রদর্শনে বাধার মুখে পড়েছিল, বর্তমান সরকার খুব শীঘ্রই সেই ছবিগুলি প্রদর্শনের ব্যবস্থা করবে। তাঁর কথায়, ‘যোগ্যতা অনুযায়ী কাজ হবে। কোনও স্বৈরাচার চলবে না।’ রুদ্রনীলের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা।
Advertisement
অভিনেতা জিৎ-ও এ দিন উপস্থিত হয়ে প্রয়াত পরিচালকের প্রতি শ্রদ্ধা জানান। গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, “এরকম ঘটনায় কী আর বলব!” সংক্ষিপ্ত প্রতিক্রিয়াতেই ফুটে ওঠে তাঁর আবেগ এবং অনীক দত্তর চলে যাওয়ার ধাক্কা।
Advertisement
শুক্রবার সকাল থেকেই নন্দন চত্বরে ছিল শোকের আবহ। পরিচালকের ছবিতে মালা দিয়ে, ফুল অর্পণ করে তাঁকে শেষ শ্রদ্ধা জানান বহু মানুষ। টলিপাড়ার একাংশের মতে, জীবদ্দশায় নানা বিতর্কে জড়ালেও অনীক দত্ত নিজের কাজ এবং মতামতের জন্য বরাবরই আলাদা পরিচিতি তৈরি করেছিলেন। তাই তাঁর প্রয়াণে শুধু চলচ্চিত্র জগত নয়, সংস্কৃতি মহলেও নেমে এসেছে গভীর শোক।
Advertisement



