• facebook
  • twitter
  • youtube
Wednesday, 12 August, 2026

তারকা বিধায়কের কাঁধে গুরুদায়িত্ব, রাজনীতির ময়দানে নতুন রুদ্রনীল!

তথ্য-সংস্কৃতি, ক্রীড়া এবং যুবকল্যাণ, তিনটি ক্ষেত্রই সাধারণ মানুষের জীবন, তরুণ প্রজন্ম এবং রাজ্যের সাংস্কৃতিক পরিসরের সঙ্গে সরাসরি যুক্ত। ফলে কমিটির চেয়ারম্যান হিসেবে রুদ্রনীলের ভূমিকা আগামী দিনে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।

তারকা বিধায়কের কাঁধে গুরুদায়িত্ব, রাজনীতির ময়দানে নতুন রুদ্রনীল!

File Photo

অভিনয়ের মঞ্চ থেকে রাজনীতির ময়দান, এবার বিধানসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে রুদ্রনীল ঘোষ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শিবপুর থেকে প্রথমবার বিধায়ক হওয়ার পরই তাঁর কাঁধে এল আরও এক গুরুদায়িত্ব। পশ্চিমবঙ্গ বিধানসভার তথ্য ও সংস্কৃতি, ক্রীড়া এবং যুব পরিষেবা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিজেপির তারকা বিধায়ককে।

২০২৬-২৭ সালের জন্য গঠিত এই কমিটির চেয়ারম্যান হিসেবে রুদ্রনীলের নাম উল্লেখ করে চিঠি পাঠিয়েছে বিধানসভা সচিবালয়। মঙ্গলবার প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের কনফারেন্স রুমে নবগঠিত কমিটিগুলির চেয়ারম্যান ও চেয়ারপার্সনদের নিয়ে বৈঠক করেন অধ্যক্ষ রথীন্দ্র বোস। সেখানেই নতুন দায়িত্বপ্রাপ্তদের কাজের ধরন, দায়িত্ব ও কার্যপ্রণালী সম্পর্কে অবহিত করা হয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন, ‘তথ্য-সংস্কৃতি ও ক্রীড়া-যুব কল্যাণের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী, সম্মানীয় স্পিকার মহোদয় ও আমার দলকে। নতুন সরকারের পক্ষে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ।’

রুদ্রনীলের এই দায়িত্বকে ঘিরে রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে আগ্রহ। কারণ তথ্য-সংস্কৃতি, ক্রীড়া এবং যুবকল্যাণ, তিনটি ক্ষেত্রই সাধারণ মানুষের জীবন, তরুণ প্রজন্ম এবং রাজ্যের সাংস্কৃতিক পরিসরের সঙ্গে সরাসরি যুক্ত। ফলে কমিটির চেয়ারম্যান হিসেবে রুদ্রনীলের ভূমিকা আগামী দিনে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।

তবে এই কমিটিতে শুধু শাসকদলের বিধায়করাই নন, জায়গা পেয়েছেন তৃণমূলের চার বিধায়কও। রথীন ঘোষ, মোশারফ হোসেন, নয়না বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গীতা রায় রয়েছেন কমিটিতে। এর পাশাপাশি শর্বরী মুখোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী, পবন কুমার সিং, অসীম সরকার, মানব গুহ, সন্তু পান, শুক্লা চট্টোপাধ্যায় ও সৈকত পাঁজার মতো বিধায়করাও রয়েছেন।

আরও পড়ুন: টানা ৫ দিন অভিষেকের আপ্তসহায়ককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, বুধেও ভবানী ভবনে সুমিত

অভিনয়ের জগতের পরিচিত মুখ থেকে বিধানসভার সদস্য, রুদ্রনীলের রাজনৈতিক যাত্রায় এবার যুক্ত হল প্রশাসনিক দায়িত্বের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।