তৃণমূল জমানায় দুর্নীতি, স্বজন পোষণ থেকে শুরু করে শিল্পীদের বঞ্চিত করা সহ একাধিক অভিযোগ উঠে এসেছে ৪ মের পর থেকে। আর এবারে বাংলায় সাংস্কৃতিক পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য জোট বাঁধলেন বাংলার গায়ক-গায়িকা সহ মিউজিসিয়ানরা। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন বাচিক শিল্পীরাও। আর তৈরি করা হল পারফরমার্স অফ বেঙ্গল।
আজ বুধবার আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের পথ চলা শুরু হল। এই সংগঠনে রয়েছেন রাঘব চট্টোপাধ্যায়, শিলাজিৎ, সিধু, দেব চৌধুরী সহ ছোট বড় সকল শিল্পীরাই। সুস্থ পরিবেশ ও সুস্থ সংস্কৃতির লক্ষ্যে নিয়ে এই সংগঠন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কিছু আর্জি রেখেছেন। সেই বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরেন ‘শহর’ এর অনিন্দ্য বোস। সেখানে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষও। বিধায়ক- অভিনেতার মাধ্যমের এই সংগঠনের সকল সদস্য মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের আর্জি পৌঁছে দিতে চেয়েছেন।
এই সংগঠনের দাবি- প্রথমত সাংস্কৃতিক ক্ষেত্রে পক্ষপাতিত্ব বন্ধ করা হোক, মহিলা শিল্পীদের যেন মঞ্চ সুরক্ষা দেওয়া হয়, শিল্পীদের বার্ধক্যভাতা, মেডিক্লেম, মৌলিক গানের প্রচার এবং তা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সঠিক মাধ্য়মের পাশাপাশি বাংলার যে এফএম চ্যানেল রয়েছে সেখানেও যেন বাংলা গান বাজানো হয়। এই সকল আর্জি রাখা হয়েছে। রুদ্রনীল সেইসঙ্গে, লোকশিল্পীদের সুবিধা- অসুবিধার দিকটিতে জোর দেন। সেই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন এই সংগঠনের সমস্ত আর্জি অনুরোধ তিনি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন। তিনি বলেন, ‘গায়ক-গায়িকারা একটি অরাজনৈতিক মঞ্চ গড়ে তুলেছেন। সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা ভরসার জায়গা থেকে কিছু দাবি রেখেছেন। এই দাবিগুলি সঠিক জায়গায় পৌঁছে দেওয়া হবে।’




