এক ব্যবসায়ীর থেকে ৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা ও প্রাণনাশের হুমকি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠল অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে টালিগঞ্জের চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেছেন আরামবাগের বাসিন্দা সোনম মুভিজের কর্ণাধার শেখ শাহিদ ইমাম।

সংবাদমাধ্যমের সামনে শাহিদ জানান, ‘২০২১ সালে সোহমকে টাকা দিয়েছিলাম একটি সিনেমার জন্য। সেই সময় সিনেমার নাম রাখা হয়েছিল ‘মানিকজোড়’। পরে সেই সিনেমার নাম বদল করে রাখা হয়েছিল ‘পাকা দেখা’। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ও ব্যবসাও করেছিল। তার টাকাও পেয়েছিলেন সোহম। আমি লাভের অংশ চাইতে গেলে আজ দেব, কাল দেব করে কথা ঘোরাতে থাকেন।‘ তিনি আরও বলেন, ‘একদিন সাউথ সিটির বেসমেন্টে সোহমের সহকারি অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছিল। তখন আমি টাকা চাইতে গেলে আমাকে প্রাণে মারার হুমকি দেন অর্ঘ্য। বলেন ‘টাকা চাইতে গেলে অসুবিধায় পড়বে।‘ তখন সোহম বিধায়ক ছিলেন। আমাকে বলা হয়েছিল বিধায়ককে চাপ দিলে আমার অবস্থা খারাপ করে দেবে। পরে আমি সোহমের সঙ্গে সরাসরি কথা বলেছিলাম। তিনি বলেছিলেন যে টাকা দিতে পারবেন না। ‘পাকা দেখা’ ছবির স্যাটেলাইট স্বত্বও বিক্রি হয়েছে। তার প্রমাণ রয়েছে।‘

এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি সোহম। এই প্রথম নয়, এর আগে চলতি বছরের জুন মাসেও সোহমের নামে অভিযোগ এসেছিল। অভিযোগ ছিল, সোহমের সংস্থা ‘সোহম এনটারটেনমেন্ট’-এ ব্যবসায় বিনিয়োগের জন্য ১ কোটি ৫ লক্ষ টাকা সোহমকে দিয়েছিলেন অভিযোগকারী কৌশিক কর্মকার। কথা ছিল, ‘লাল সুটকেসটা দেখেছেন?’ ছবিতে সোহম অভিনয় করবেন, সে জন্য ওই টাকা দেওয়া হয়েছিল। কিন্তু সেই ছবিটি হয়নি। সোহম অভিনয়ও করেননি। টাকা চাওয়া হলে অভিনেতা নিজের বিধায়ক পরিচয় দিয়ে হুমকি দেন বলেও অভিযোগ করেছিলেন তিনি।




