পশ্চিমবঙ্গের রাজভবন আজ মঙ্গলবার একটি অনন্য ইভেন্টের সাক্ষী হল। সকাল ১১টায়, পশ্চিমবঙ্গের রাজ্যপাল প্রভা খৈতান ফাউন্ডেশনের উদ্যোগে টলিউডের কয়েকজন প্রথম সারির অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং চলচ্চিত্র ব্যক্তিত্বরা রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যোগ দেন।

এই প্রতিনিধি দলে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, মহেন্দ্র সোনি, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, পাওলি দাম, অনিরুদ্ধ রায়চৌধুরী সহ টলিউডের আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ হিসেবেই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। রাজ্যপালের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলা চলচ্চিত্র, সংস্কৃতি এবং সৃজনশীল জগতের নানা দিক নিয়েও আনুষ্ঠানিক আলোচনা হয়েছে বলে জানালেন সাংস্কৃতিক জগতের নক্ষত্ররা।

প্রভা খৈতান ফাউন্ডেশন, যারা এই উদ্যোগের নেপথ্যে রয়েছে, তারা দীর্ঘদিন ধরে সাহিত্য, শিল্প, সংস্কৃতি এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে সংলাপ ও সাংস্কৃতিক আদানপ্রদানের সেতুবন্ধন তৈরি করে চলেছে। এই বৈঠকের নির্দিষ্ট কোনও এজেন্ডা না থাকলে ও সাহিত্য, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র, শিল্পচর্চা, নারী ক্ষমতায়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় নিয়ে আলোচনা হয়েছে বলে লোক ভবন সূত্রের খবর। বাংলা চলচ্চিত্র শিল্পে এই মুহূর্তে একাধিক নতুন পরিকল্পনা, আন্তর্জাতিক সহযোগিতা, ওটিটি-র বিস্তার এবং আঞ্চলিক সিনেমার প্রসার নিয়ে আলোচনা চলছে। সেই প্রেক্ষাপটে রাজভবনে টলিউডের বিভিন্ন প্রজন্মের শিল্পীদের একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতার গণ্ডি ছাড়িয়ে প্রতীকী গুরুত্বও বহন করছে। চলচ্চিত্র, সংস্কৃতি এবং সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করার বার্তাই যেন এই সৌজন্য সাক্ষাতের মূল সুর। রাজভবনের এই সৌজন্য সাক্ষাৎ হয়তো নতুন কোনও সিদ্ধান্তের সূচনা করেনি, কিন্তু শিল্প, সংস্কৃতি এবং পারস্পরিক সম্মানের সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে এটি একটি স্মরণীয় পদক্ষেপ হিসেবেই ধরা থাকবে এই বৈঠক।




