• facebook
  • twitter
Wednesday, 29 April, 2026

মমতার ঘোষণা মত শনিবার থেকেই ব্যাঙ্কে ঢুকেছে ‘যুবসাথী’ প্রকল্পের টাকা

ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে বেকার যুবক-যুবতীদের জন্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি জানান, রাজ্য সরকারের ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পের টাকা এদিন থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর ঘোষণা মতই শনিবার বিকেলেই  উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেলে যুবসাথী প্রকল্পের টাকা।

ধরনামঞ্চে বক্তাদের বক্তৃতার মাঝেই রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, যুবসাথীর টাকা ঢুকে গিয়েছে। তিনি বলেন, ‘দিদি সকালে ঘোষণা করেছিলেন আর সন্ধ্যায় প্রকল্পের টাকা দেওয়া শুরু হল।’

Advertisement

‘যুবসাথী’ প্রকল্প অনুযায়ী, যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, এপ্রিল মাস থেকে এই প্রকল্পের সুবিধা দেওয়া শুরু হবে। তবে শনিবার ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ ৭ মার্চ থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।

Advertisement

মুখ্যমন্ত্রী বলেন, ‘১ এপ্রিল থেকে বলেছিলাম যুবসাথীর টাকা অ্যাকাউন্টে যাবে। কাল আন্তর্জাতিক নারী দিবস রয়েছে। তার উপহার হিসাবে ১ এপ্রিলের দিন পরিবর্তন করে,  শনিবার থেকেই তাঁদের অ্যাকাউন্টে টাকা যাবে।’ রাজ্যে এই ‘যুবসাথী’ প্রকল্পের জন্য কত আবেদন জমা পড়েছে, তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘২১ থেকে ৪০ বছর বয়সি ৯০ লক্ষ থেকে এক কোটি ছেলেমেয়ে দরখাস্ত করেছেন, যাঁরা অন্য কোনও সাহায্য নেন না। যাঁরা বৃত্তি পান, তাঁদের ধরছি না (সুবিধা পাবেন), পড়াশোনার জন্য সেই টাকা তাঁদের প্রাপ্য।’

যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। জানানো হয়েছে, ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি, যাঁরা ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের আওতায় আর্থিক সুবিধা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের টাকা পাবেন না। প্রাথমিকভাবে আগামী পাঁচ বছর ধরে প্রতি মাসে এই ভাতা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপরও কেউ কর্মসংস্থান না পেলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জেলা ভিত্তিক আবেদনের পরিসংখ্যানেও বেশ কিছু চমকপ্রদ তথ্য সামনে এসেছে। আবেদনকারীর সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখান থেকে মোট ৯ লক্ষ ৩৪ হাজার ২৮৫টি আবেদন জমা পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ। যেখানে ৭ লক্ষ ১৪ হাজার ১৩৩ জন আবেদন করেছেন। পাশাপাশি উত্তর ২৪ পরগনা থেকেও ৭ লক্ষ ২০ হাজার ৭০টি আবেদন জমা পড়েছে।

উল্লেখ্য, চলতি বছরের বিধানসভার অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্প চালুর ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রথমে বলা হয়েছিল ১৫ আগস্ট থেকে প্রকল্পটি চালু হবে। পরে মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করে জানান, ১ এপ্রিল থেকেই প্রকল্পটি কার্যকর হবে। সেই লক্ষ্যেই রাজ্যজুড়ে ব্লকভিত্তিক শিবির এবং অনলাইন পোর্টালের মাধ্যমে দ্রুত আবেদন গ্রহণের ব্যবস্থা করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর কথা মত, শনিবার বিকেলেই উপভোক্তারা ‘যুবসাথী’ প্রকল্পের টাকা পেলেন।

 

 

 

 

 

 

Advertisement