• facebook
  • twitter
  • youtube
Wednesday, 17 June, 2026

ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

গ্রেপ্তার করে তাঁকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে

গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ। বুধবার কলকাতা থেকে গ্রেপ্তার করেছে কোচবিহার জেলা পুলিশ। ফুলবাগান এলাকার একটি ফ্ল্যাট থেকে তাঁকে আটক করে প্রথমে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, তাঁকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর কোচবিহারে ঘটে যাওয়া ভোট-পরবর্তী হিংসার এক মামলায় উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও প্রতারণা সংক্রান্ত অভিযোগের তদন্ত চলছে বলেও জানা গিয়েছে। পুলিশের একটি সূত্রের দাবি, প্রতারণা সংক্রান্ত একটি মামলার ভিত্তিতেও তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।

অন্যদিকে, গ্রেপ্তারের পর উদয়ন গুহ দাবি করেন, যে মামলার ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে, সেই মামলায় তাঁর আগাম জামিন রয়েছে। তিনি অভিযোগ করেছেন, আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ না করেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ মে দিনহাটা বিধানসভা কেন্দ্রের নির্বাচনে পরাজয়ের পর থেকেই উদয়ন কোচবিহার ছেড়ে কলকাতায় ছিলেন। বর্তমানে তাঁকে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি। উদয়নের গ্রেপ্তারি প্রসঙ্গে দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় বলেন, তাঁর বিরুদ্ধে বহু গুরুতর অভিযোগ রয়েছে।

রতন বর্মণ হত্যাকাণ্ড, বীজ দুর্নীতি, আবাস যোজনায় অনিয়মসহ একাধিক মামলার উল্লেখ করে তিনি দাবি করেন, ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষণেও উদয়নের নাম উঠে এসেছিল। অজয়ের মতে, অনেক আগেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ হওয়া উচিত ছিল এবং সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

রাজনৈতিক জীবনে উদয়ন গুহ দীর্ঘদিন ফরোয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালের অক্টোবরে তিনি দলত্যাগ করে তৃণমূলে যোগ দেন। তাঁর বাবা কমল গুহও রাজ্যের বামফ্রন্ট সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। উদয়ন গুহ ২০২১ সালে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে এবং ২০১৬ সালে তৃণমূলের প্রার্থী হিসেবে দিনহাটা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের কাছে পরাজিত হলেও, পরে উপনির্বাচনে একই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়ে বিধানসভায় ফেরেন। এরপর উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি আবারও দিনহাটা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীর কাছে ১৭ হাজারের বেশি ভোটে পরাজিত হন।