রাজ্যে এখন পালাবদল হয়েছে। বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসীন হয়েই শিক্ষাব্যবস্থা থেকে শুরু করে সামাজিক প্রকল্পে ঢালাও উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, কোনও আগের প্রকল্প বন্ধ হবে না। বরং বরাদ্দ বাড়ানো হবে। তবে এটা শুধুই কথার কথা ছিল না। বরং তিনি কথা রেখেছেন। ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে যেমন অন্নপূর্ণা যোজনা দেওয়া হয়েছে তেমন আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যের মানুষের জন্য চালু করা হয়েছে। এমনকী মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনাও দেওয়া হচ্ছে। এবার পড়ুয়াদের সাইকেল বিলি করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার।
গত সরকারের সময়ও সাইকেল দেওয়া হতো। নাম রাখা হয়েছিল-‘সবুজসাথী’ প্রকল্প। এবার সেই নাম পাল্টে গিয়েছে। ‘সারথি’ নামকরণ করা হয়েছে। শুধু নাম পাল্টেছে এমন নয়, এবার শুরু হতে চলেছে স্কুল পড়ুয়াদের সাইকেল বিলি কর্মসূচি। তৃণমূল সরকারের আমলে যেসব সাইকেল জেলায় জেলায় পড়ে ছিল সেগুলি বিলি করার পরই নতুনভাবে বাকি সাইকেল দেওয়া শুরু করবে বিজেপি সরকার। এই খবর চাউর হতেই স্কুল পড়ুয়াদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে। বহু পড়ুয়ার সাইকেল পুরনো হয়ে গিয়েছে, আবার অনেকের সাইকেল ভেঙে পড়েছে। এই আবহে যদি নতুন সাইকেল পাওয়া যায় তাহলে অচিরেই সমস্যা মিটে যাবে।
বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকার দ্বাদশ দফার সাইকেল বণ্টনের প্রক্রিয়া শুরু করেছিল। কিছু সাইকেল বিলিও হয়েছিল। কিন্তু ভোট ঘোষণা হয়ে যাওয়ায় তা আর করা যায়নি। কারণ রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছিল। তাই বেশ কিছু নতুন সাইকেল পড়ে আছে। প্রত্যেক জেলাতেই তা পড়ে আছে। তাই সেসব আর দেওয়া যায়নি। এমনকী এই কারণে বেশ কিছু সাইকেল পড়েছিল নানা ব্লক অফিসে। বিজেপি সরকার গঠনের পর এখন সেইসব বিলি না হওয়া সাইকেল বিলি করার প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ তৃণমূল সরকারের ‘সবুজসাথী’ প্রকল্পের নাম বদলে ‘সারথি’ হওয়ার পর রীতিমতো অনুষ্ঠানের মাধ্যমে সাইকেল বিলির প্রক্রিয়া শুরু করতে চাইছে রাজ্য সরকার। এরপর আরও মজবুত সাইকেল পড়ুয়াদের দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাছাড়া নবান্ন সূত্রে খবর, আগামী সপ্তাহে এক লক্ষ সাইকেল বিলি করার মাধ্যমে সারথি প্রকল্পের সূচনা হবে। তারপর যখন যেমন সাইকেল আসবে তখন তেমনভাবেই বণ্টন করা হবে। জেলাগুলির সঙ্গে এই বিষয়ে বৈঠকও করেছে রাজ্য প্রশাসন। প্রত্যেক জেলায় নতুন সাইকেলের যন্ত্রাংশ এসে গিয়েছে। ‘ফিটিং’ করার কাজ চলছে। নতুন এই সাইকেলগুলি নীল রঙের বদলে গেরুয়া ছোঁয়া থাকছে বলে সূত্রের খবর। এমনকী এবার যে সাইকেলগুলি দেওয়া হবে তাতে ‘সারথি’র স্টিকার লাগানো থাকবে। ইতিমধ্যেই সাইকেল বিলির কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।




