• facebook
  • twitter
Thursday, 19 March, 2026

ভবানীপুরে প্রচার শুরু করলেন শুভেন্দু অন্যদিকে তৃণমূলের প্রস্তুতি বৈঠকের ডাক

বুধবার রাত থেকেই দক্ষিণ কলকাতা বিজেপি নেতৃত্ব, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সমর্থনে কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডে জোর প্রচার শুরু করেছে

বিধানসভা ভোটকে সামনে রেখে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজ্যের রাজনৈতিক পরিবেশ। এই আবহেই মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ওয়ার্ডে আগাম প্রচার শুরু করল বিজেপি, যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বুধবার রাত থেকেই দক্ষিণ কলকাতা বিজেপি নেতৃত্ব, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সমর্থনে কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডে জোর প্রচার শুরু করেছে। এই ওয়ার্ডেই থাকেন মুখ্যমন্ত্রী এবং তাঁর পরিবার। হরিশ মুখার্জি স্ট্রিট ও হরিশ চ্যাটার্জি স্ট্রিট-সহ একাধিক এলাকায় পোস্টার ও ফ্লেক্সে ছেয়ে গিয়েছে।  শুভেন্দুর পক্ষে প্রচার চালাচ্ছে বিজেপি।

Advertisement

সম্প্রতি বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর স্পষ্ট হয়েছে, নিজের কেন্দ্র নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু। অন্যদিকে তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাসভবন থেকে আনুষ্ঠানিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করেন। এরপর থেকেই ভবানীপুরকে কেন্দ্র করে দুই দলের মধ্যে প্রচারের লড়াই আরও তীব্র হয়ে উঠেছে।

Advertisement

এই পরিস্থিতিতে পাল্টা কৌশল নির্ধারণ করতে বৃহস্পতিবার ৭৩ নম্বর ওয়ার্ডে বৈঠক ডেকেছে তৃণমূল। ওই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, স্থানীয় কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই স্থানীয় স্তরে প্রচার শুরু করে দিয়েছেন কাজরী ও কার্তিক।

অন্যদিকে, বিজেপির লক্ষ্য এই ওয়ার্ডে নিজেদের সংগঠনকে আরও মজবুত করা এবং আগের নির্বাচনের ফলাফলের ব্যবধান কমানো। অতীতের ভোটের পরিসংখ্যানও এই লড়াইকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। ফলে মুখ্যমন্ত্রীর নিজের ওয়ার্ডেই বিজেপির এই আগাম প্রচার আগামী নির্বাচনে রাজনৈতিক সংঘাতকে নতুন মাত্রা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

 

 

 

Advertisement