কী এই ডায়াল ১১২?
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে সারা দেশে জরুরি পরিস্থিতিতে সাহায্যের জন্য ১১২ নম্বর চালু রয়েছে। তবে এত দিন পশ্চিমবঙ্গে এই ব্যবস্থা কার্যকর ছিল না। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই রাজ্যে দ্রুত এই পরিষেবা চালুর উদ্যোগ নেন শুভেন্দু অধিকারী।
প্রাথমিক পর্যায়ে রাজ্যের ৪৫০টি থানার প্রতিটিতে একটি করে গাড়ি ও একটি করে মোটরবাইক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাগরিকদের সাহায্য করতে পারবে পুলিশ।
কী ভাবে কাজ করবে এই পরিষেবা?
জরুরি পরিস্থিতিতে সাহায্য পেতে তিনটি উপায় রয়েছে। ফোন করে ১১২ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া, ওই নম্বরে খুদে বার্তা পাঠানো যাবে কিংবা ‘১১২ ইন্ডিয়া’ অ্যাপের মাধ্যমে বিপৎসঙ্কেত পাঠানো যাবে।
এই ফোন, বার্তা ও বিপৎসঙ্কেত পৌঁছবে ‘পাবলিক সেফটি আনসারিং পয়েন্ট’-এ। সেখানে প্রশিক্ষিত কর্মীরা উন্নত প্রযুক্তির সাহায্যে অভিযোগ নথিভুক্ত করবেন এবং ঘটনাস্থলের অবস্থান চিহ্নিত করবেন। এর পর ‘কম্পিউটার এইডেড ডিসপ্যাচার’ ব্যবস্থার মাধ্যমে ঘটনাস্থলের সবচেয়ে কাছের জরুরি পরিষেবার গাড়ি বা মোটরবাইক পাঠানো হবে।
প্রতিটি জরুরি পরিষেবার গাড়ি ও মোটরবাইকে থাকবে জিপিএস এবং ১১২ পরিষেবার সঙ্গে যুক্ত আধুনিক যন্ত্র। এর সাহায্যে দ্রুত ঘটনাস্থল চিহ্নিত করে সেখানে পৌঁছতে পারবেন পুলিশকর্মীরা।
যে কোনও জরুরি পরিস্থিতিতে এখন থেকে ১১২ নম্বরে ফোন, খুদে বার্তা অথবা ‘১১২ ইন্ডিয়া’ অ্যাপের মাধ্যমে বিপৎসঙ্কেত পাঠালেই সাহায্য চাওয়া যাবে। রাজ্যের মানুষের জরুরি প্রয়োজনে পরিষেবা দিতে এ বার থেকে সক্রিয় ‘ডায়াল ১১২’।




