• facebook
  • twitter
Saturday, 30 May, 2026

মুখ্যমন্ত্রী হয়ে প্রথম উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, ঋণ শোধ করার বার্তা

মুখ্যমন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গ বিজেপিকে জায়গা দিয়েছে, এবার উন্নয়নের মাধ্যমে সেই বিশ্বাসের মর্যাদা দেওয়া হবে‘

শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে উন্নয়ন, প্রশাসনিক তৎপরতা এবং আইনশৃঙ্খলা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন। বুধবার বাগডোগরায় পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত ঘাঁটি এবং সেই সমর্থনের ঋণ উন্নয়নের মাধ্যমেই শোধ করা হবে। তাঁর কথায়, ২০০৯ সাল থেকেই পাহাড়-সহ উত্তরবঙ্গ বিজেপির পাশে থেকেছে, তাই এবার মানুষের প্রত্যাশা পূরণ করাই সরকারের প্রধান লক্ষ্য।

তিনি জানান, প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী  নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গের জন্য যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। প্রশাসনিক কাজের অগ্রগতি পর্যালোচনা এবং সামগ্রিক উন্নয়নের রূপরেখা তৈরি করতেই তাঁর এই সফর। বাগডোগরায় তাঁকে স্বাগত জানান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক  দার্জিলিংয়ের সাংসদ  রাজু বিস্তা-সহ বিজেপির একাধিক নেতা।

Advertisement

উত্তরবঙ্গের প্রতি সরকারের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, তিনি ও তাঁর মন্ত্রীসভার সদস্যরা প্রতি মাসে অন্তত একবার উত্তরবঙ্গ সফরে আসবেন। পাশাপাশি প্রতি সপ্তাহে উত্তরকন্যায় বসবেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী, যেখানে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা শোনা হবে।

Advertisement

আইনশৃঙ্খলা প্রসঙ্গেও কড়া অবস্থান স্পষ্ট করেন শুভেন্দু। তিনি বলেন, রাজ্যে কোনওভাবেই তোলাবাজি, গুন্ডাগিরি বা সন্ত্রাস বরদাস্ত করা হবে না। যারা পুরনো রাজনৈতিক সংস্কৃতির সুযোগ নিতে চাইছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ দিনের প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গের চা শিল্প, পর্যটন এবং দীর্ঘদিন ধরে থমকে থাকা কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৫৪টির মধ্যে ৪০টি আসনে জয় পেয়েছে বিজেপি, যা এই অঞ্চলে দলের শক্ত ভিতকেই আরও স্পষ্ট করেছে।

 

 

Advertisement