রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন দময়ন্তী সেন। তিনি পুলিশ অফিসার দময়ন্তী সেন নন। তিনি একজন প্রতিভাবান রাইফেল শুটার। হাওড়ার বাসিন্দা দময়ন্তী সেন ৩০/২ উমাচরন ভট্টাচার্য লেনের বাসিন্দা। দময়ন্তী জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পেয়েছিলেন। তাই কেনাকাটা করতে বেরিয়ে ছিলেন। দময়ন্তী প্রত্যেকদিন অনুশীলন করতেন। কিন্তু বৃহস্পতিবার থেকে নিখোঁজ হয়ে যান এই শুটার। তাঁর মোবাইল ফোন পড়ে রয়েছে বাড়িতেই। জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পেয়ে খুশিতে মেতে উঠেছিল গোটা পরিবার। কিন্তু সেই আনন্দের মাঝেই এবার নেমে এল ঘন অন্ধকার। রাজ্যস্তরের ১৫ বছর বয়সী প্রতিভাবান রাইফেল শুটার দময়ন্তী সেনের কোনও হদিস মিলছে না। শেষ হাওড়া স্টেশনে দেখা গিয়েছিল।
হাওড়া স্টেশনে থাকা সিসিটিভি ফুটেজে দময়ন্তীকে দেখা গিয়েছে। কিন্তু তারপরও কোনও খোঁজ মিলছে না। এই ঘটনায় দময়ন্তীর পরিবার, সতীর্থ এবং ক্রীড়ামহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দময়ন্তীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে দোকানে কেনাকাটা করতে বেরিয়েছিল দময়ন্তী। তারপর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। সম্ভাব্য সব জায়গায় দময়ন্তীকে খোঁজা হয়েছে। কোনও লাভ হয়নি। পুলিশে খবর দেওয়া হয়েছে। তবে শুক্রবার পর্যন্ত দময়ন্তীর কোনও খোঁজ মেলেনি। দময়ন্তী অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের কাছে রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ নেয়। দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন জানান, জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পেয়ে মেয়ে ভীষণ আনন্দিত ছিল এবং কঠোর অনুশীলন শুরু করেছিল।
দময়ন্তী সেন প্রত্যেকদিন ভোরে প্র্যাকটিস থাকার জেরে সে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত। আর সকালে উঠে অনুশীলন করত বলে পরিবার সূত্রে খবর। হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে থাকা সিসিটিভি ফুটেজে দময়ন্তীকে শেষ দেখা গেলেও পুলিশ এখনও কোনও কিনারা করতে পারেনি। বাড়িতে কোনও অশান্তি হয়নি। তারপরেও কেন এমন হলো? উঠছে প্রশ্ন। হাওড়া থানায় দময়ন্তীর নিখোঁজ ডায়েরি করা হয়েছে। সমাজমাধ্যমে তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ গুরুত্ব সহকারে ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, হাওড়া স্টেশনের ৪-৫ নম্বর প্ল্যাটফর্মের ধরে একা হেঁটে যাচ্ছে দময়ন্তী। এই ছবি দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল একটি গোলাপি রঙের হাফ টি-শার্ট এবং হাফ প্যান্ট। কিন্তু এখনও দময়ন্তীর খোঁজ মেলেনি। দ্রুততার সঙ্গে তদন্ত চলছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এই নিখোঁজ ঘটনার প্রায় ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও পর্যন্ত এই প্রতিভাবান শুটারের কোনও সন্ধান মেলেনি। তবে সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সম্ভাব্য দিক খতিয়ে দেখে পুলিশ জোরদার তল্লাশি চালাচ্ছে।




