পুলিশের বদলি প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এ নিয়ে রাজ্যের স্বরাষ্ট্রদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই পুলিশের বদলি এবং পোস্টিং সংক্রান্ত কাজ সেরে ফেলতে হবে।
প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর রিপোর্ট পাঠাতেও বলা হয়েছে। মঙ্গলবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেন নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। জাতীয় নির্বাচন কমিশনকে বাংলায় এক দফায় ভোট করানোর প্রস্তাব দিয়েছে সিইও দপ্তর। এ নিয়ে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে মনোজ আগরওয়ালের আলোচনা হতে পারে।
Advertisement
সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন এবং ভোটার তালিকা সংশোধনের জন্য চলছে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। সোমবার সুপ্রিম কোর্ট এসআইআর-এর শুনানির সময়সীমা ৭ দিন বাড়ানোর নির্দেশ দিয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের সময় বেড়ে হল ২১ ফেব্রুয়ারি। তবে আগামী ২৮ তারিখের আগে চূড়ান্ত তালিকা প্রকাশ সম্ভব নয় বলে মনে করছে মুখ্য রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।
Advertisement
এর আগে ৭ ফেব্রুয়ারির মধ্যে শুনানির কাজ শেষ না হওয়ায়, তা আরও ৭ দিন পিছিয়ে দেওয়া হয়। ১৪ তারিখ শুনানি শেষ করে ২১ তারিখ তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। সুপ্রিম কোর্টও তা আরও সাতদিন পিছিয়ে দিয়েছে। এর ফলে তালিকা প্রকাশ নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। এই অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে ভোট করাতে গেলে একদফা বেশি ভোট গ্রহণ সম্ভব নয় বলে মনে করছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।
এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। অ্যাডিশনাল চিফ ইলেকট্রোরাল অফিসার এই চিঠি দিয়েছেন। চিঠিতে স্বরাষ্ট্রসচিবকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশের সমস্ত বদলি প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে। শুধু তাই নয়, প্রক্রিয়া সম্পন্ন হলে এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকেও রিপোর্ট দিতে বলা হয়েছে।
Advertisement



