অপরাধ দমনের কাজে ব্যস্ত দিন কাটে। দায়িত্বের ভার, আইনশৃঙ্খলা রক্ষার কঠিন বাস্তব, সব সামলেও মনের কোণে বেঁচে থাকে সুরের টান। প্রশাসকের পরিচয়ের আড়ালে যে শিল্পীসত্তা লুকিয়ে রয়েছে, দুর্গাপুজোর সপ্তমীতে তারই প্রকাশ ঘটালেন প্রাক্তন পুলিশকর্তা তথা আইপিএস সুজয় কুমার চন্দ। মুক্তি পেল তাঁর নতুন আগমনী গান ‘প্রভাতী শিশিরে’।
পেশাগত জীবনে জয়েন্ট পুলিশ কমিশনারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন সুজয় কুমার চন্দ। সেই ব্যস্ততার মধ্যেও সঙ্গীতের প্রতি ভালোবাসা কখনও হারিয়ে যায়নি। প্রথাগত ভাবে গানের শিক্ষা না থাকলেও গান তাঁর প্যাশন। কয়েক মাস আগে দেবীর আগমন উপলক্ষে গান তৈরির ভাবনা মাথায় আসে তাঁর। সেই ভাবনা থেকেই গান লেখা, আর তার পর নিজের কণ্ঠে গেয়ে ওঠা।
সুজয় কুমার চন্দের কথায়, প্রতিটি কাজের মধ্যেই একটা ছন্দ ও সুর থাকে। প্রয়োজন শুধু সেই ছন্দকে বুঝে নেওয়া। কাজের অভিজ্ঞতা থেকেও তিনি অনুপ্রেরণা পেয়েছেন। প্রশাসনিক দায়িত্বের কঠোর বাস্তবের পাশাপাশি মনের সেই সুরকেই এবার আগমনী গানের মাধ্যমে তুলে ধরেছেন তিনি। ‘প্রভাতী শিশিরে’ তাই শুধু দেবী বন্দনার গান নয়, প্রশাসকের পরিচয়ের আড়ালে থাকা শিল্পীসত্তারও এক অন্য প্রকাশ।




