উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল এক জওয়ানের। বৃহস্পতিবার সকালে বিএসএফের ৭৭ নম্বর ব্যাটেলিয়নের একটি ঘরে হঠাৎ আগুন লাগে। মৃত জওয়ানের নাম রাম সিং। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনার সূত্রপাত। যদিও নিরাপত্তা ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া এলাকায় অবস্থিত বিএসএফ ক্যাম্পের পেট্রোল পাম্প সংলগ্ন একটি ঘরে প্রথমে আগুন লাগে। সেই সময় ক্যাম্পে বিএসএফের বোটে জ্বালানি ভরার কাজ চলছিল। ফলে অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।
Advertisement
আগুন লাগার সময় জওয়ান রাম সিং ওই ঘরের ভিতরেই আটকে পড়েন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে প্রথমে তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। অনেক চেষ্টার পর আগুন আংশিক নিয়ন্ত্রণে এনে তাঁকে উদ্ধার করা হলেও, ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।
Advertisement
জওয়ানের দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। দমকল, পুলিশ এবং বিএসএফ কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত শুরু করেছে। আগুন লাগার প্রকৃত কারণ এবং কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement



