• facebook
  • twitter
  • youtube
Thursday, 12 November, 2026

পাহাড়ে আবার তুষারপাত, সমতলে চলল শিলাবৃষ্টি, ঠাণ্ডার আমেজে উত্তরবঙ্গে পর্যটকরা

তাছাড়া কালিম্পং পাহাড়ে আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে। যার মধ্যে ঋষভে শিলাবৃষ্টির দাপট ছিল সবচেয়ে বেশি

পাহাড়ে আবার তুষারপাত, সমতলে চলল শিলাবৃষ্টি, ঠাণ্ডার আমেজে উত্তরবঙ্গে পর্যটকরা

Snowfall At Hills Photo-SNS

শীত পুরোপুরি এখনও আসেনি। তার মধ্যেই পাহাড়ে আবার তুষারপাত ঘটল। সমতলে বিক্ষিপ্তভাবে চলছে বৃষ্টি এবং শিলাবৃষ্টি। তার জেরে বৃহস্পতিবার দুপুর থেকে ঠাণ্ডার দাপট বেড়েছে উত্তরবঙ্গের পাহাড়ে। আর সমতলে শীতের আমেজ অনুভূত হয়েছে। এমন ঘটনা ঘটেছে পশ্চিমীঝঞ্ঝা এবং নিম্নচাপের জেরে। গোটা পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকরা উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। এখন যাঁরা উত্তরবঙ্গে সফর করছেন তাঁরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। এই পরিবেশ কি শীত আগমনের বার্তা দিচ্ছে? উঠছে প্রশ্ন। এই আবহাওয়া দেখে অনেকেই মনে করছেন এবার এখানে কিছুটা আগেই শীত প্রবেশ করবে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, হিমালয় অঞ্চলে একটি পশ্চিমীঝঞ্ঝা সক্রিয় হয়েছে। আর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই দুটির প্রভাবে পাহাড়ের কোলে তুষারপাত এবং সমতলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। তার জেরে শীতের আমেজ বাড়বে। এই দু’দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ছটপুজো পর্যন্ত শীতের আমেজ অব্যাহত থাকবে। কদিন আগে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দার্জিলিংয়ের সান্দাকফু এবং সিকিমের নাথুলা, জিরো পয়েন্ট, ছাঙ্গু এলাকায় তুষারপাত হয়েছিল। দুর্গাপুজোর আগেও উত্তর সিকিমে তা ঘটেছে। বৃহস্পতিবার দার্জিলিংয়ের সান্দাকফু এবং সিকিমের জিরো পয়েন্টে তুষারপাত হয়েছে। রাস্তা, বাড়ি, গাছের পাতা সাদা বরফের চাদরে ঢেকেছে দেখে পর্যটকরা উচ্ছ্বসিত।

স্থানীয় বাসিন্দারা এবং পর্যটকদের বক্তব্য, কদিন ধরেই পাহাড়ে শীতের মাত্রা বাড়ছিল। কিন্তু এদিন হঠাৎ তুষারপাত এবং বৃষ্টির জেরে পাহাড়ের চেহারা বদলে যায়। পর্যটক শুভঙ্কর চক্রবর্তী বলেন, ‘তুষারপাত হওয়ার পর ক্যানভাসে আঁকা ছবির মতো লাগছে পাহাড়।’ আর এই বিষয়ে ট্যুর অপারেটর সম্রাট সান্যাল বলেন, ‘তুষারপাতের খবর চারদিচে ছড়িয়ে পড়তেই পাহাড় ভ্রমণ নিয়ে পর্যটকদের মধ্যে আগ্রহ অনেক বাড়ছে। অনেকে আবহাওয়ার গতিপ্রকৃতি সম্পর্কে খোঁজ নিতে শুরু করেছেন।’ এই তুষারপাতের মধ্যেই অনেকে বেরিয়ে পড়েন ছাতা মাথায় দিয়ে। চলছে দেদার সেলফি।

তাছাড়া কালিম্পং পাহাড়ে আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে। যার মধ্যে ঋষভে শিলাবৃষ্টির দাপট ছিল সবচেয়ে বেশি। কিছুক্ষণের মধ্যে রাস্তা, বাড়ির ছাদ, গাছপালা সব শিলায় ঢেকে যায়। কনকনে শীতের বাতাবরণ তৈরি হয়েছে। তবে শিলিগুড়ির আকাশ ছিল মেঘমুক্ত। রোদ ঝলমলে আবহাওয়া। হঠাৎ দুপুরের পর শিলিগুড়ির আকাশে জমে কালো মেঘ। তার সঙ্গে শীতল হাওয়াও বইতে শুরু করে। সন্ধ্যায় শহর এবং গ্রামের কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকেও হয় শিলাবৃষ্টি।