• facebook
  • twitter
  • youtube
Tuesday, 21 July, 2026

মালদহের ঘটনায় গ্রেপ্তার হলেন মোথাবাড়ি আইএসএফ প্রার্থী, পুলিশের জালে আরও ১৭ জন

গ্রেপ্তারি পরে আদালতে পেশ করার সময়ে শাহজাহান বলেন, ‘আমি আইএসএফ প্রার্থী বলে আমাকে ফাঁসানো হয়েছে।‘

মালদহের ঘটনায় গ্রেপ্তার হলেন মোথাবাড়ি আইএসএফ প্রার্থী, পুলিশের জালে আরও ১৭ জন

মালদহের মোথাবাড়ি বিধানসভা এলাকায় বিচারকদের ঘেরাও করে রাখার ঘটনায় গ্রেপ্তার আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি। তাঁর সঙ্গে আরও ১৭ জন অভিযুক্তকেও আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকলকেই মালদহ জেলা আদালতে পেশ করা হলে আদালত তাঁদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

বুধবার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালিয়াচক ২ ব্লক অফিসে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয় সাত জন বিচারককে। সেখানে ভোটার তালিকা সংশোধনের কাজে নিযুক্ত ছিলেন ওই সাতজন বিচারক। তাঁদের মধ্যে ছিলেন তিনজন মহিলা। প্রায় সাড়ে সাত ঘণ্টা ব্লক অফিসে আটকে থাকার পর ঘেরাওমুক্ত হন তাঁরা। সকাল থেকেই বিভিন্ন জায়গায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি ছিল, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, আগে সেই সমস্যা মেটাতে হবে, তারপর নির্বাচন প্রক্রিয়া চলবে।

ওই ঘেরাওয়ের ঘটনায় এ বার মোথাবাড়ির আইএসএফ প্রার্থীকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তারি পরে আদালতে পেশ করার সময়ে শাহজাহান বলেন, ‘আমি আইএসএফ প্রার্থী বলে আমাকে ফাঁসানো হয়েছে।‘ ধৃত প্রার্থীর দাবি, ঘটনার সময়ে তিনি ওই বিক্ষোভস্থলেই ছিলেন না। তাঁর দাবি, তিনি জলসায় গিয়েছিলেন। সেই অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন। তখন তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে বলেই দাবি মোথাবাড়ির আইএসএফ প্রার্থীর।

বুধবার দুপুরের পর কালিয়াচক ২ বিডিও অফিসের সামনে ভিড় বাড়তে থাকে এবং বিকেলের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিকেল প্রায় ৪টা থেকে বিক্ষোভকারীরা ব্লক অফিস ঘিরে ফেলেন এবং গেট অবরুদ্ধ করে দেওয়া হয়। ফলে ভিতরে থাকা বিচারকেরা বেরোতে পারেননি। নির্ধারিত সময় বিকেল ৫টায় তাঁদের বেরোনোর কথা থাকলেও তাঁরা প্রায় সাড়ে সাত ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় ছিলেন। শেষ পর্যন্ত রাতে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।