• facebook
  • twitter
  • youtube
Monday, 3 August, 2026

মালদহ থেকে নগদ প্রায় ২ কোটি ৪১ লক্ষ টাকা, ৯ হাজার নিষিদ্ধ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৩

পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন পিন্টু সরকার (২৮), গোপাল চাকি (৩২) এবং সুশান্ত হালদার (৩০)। তিন জনই মালদহ থানা এলাকার বাসিন্দা

মালদহ থেকে নগদ প্রায় ২ কোটি ৪১ লক্ষ টাকা, ৯ হাজার নিষিদ্ধ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৩

Photo: Representational Image

মালদহের (Maldaha) মঙ্গলবাড়ি এলাকায় পুলিশ তল্লাশি চালায়। রবিবার রাত থেকে সোমবার ভোর ৪টে পর্যন্ত তল্লাশি চালিয়ে একটি ঘর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে তা গণনার জন্য মেশিন ব্যবহার করতে হয়। পাশাপাশি, প্রায় ৯ হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাঁদের আদালতে তোলা হতে পারে।

পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন পিন্টু সরকার (২৮), গোপাল চাকি (৩২) এবং সুশান্ত হালদার (৩০)। তিন জনই মালদহ (Maldaha) থানা এলাকার বাসিন্দা। মালদহ ও দক্ষিণ দিনাজপুর পুলিশের স্পেশাল অপারেশন টিম যৌথভাবে মঙ্গলবাড়িতে অভিযান চালায়। সেখানে একটি ঘর থেকে মোট ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা নগদ, ২০ গ্রাম সোনা এবং একটি ল্যাপটপ উদ্ধার হয়। এরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: উত্তরে ভারী বৃষ্টি, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

একই রাতে মালদহের (Maldaha) খইহট্টা এলাকার একটি গুদামেও তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় ৯ হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করে। উদ্ধার হওয়া সিরাপগুলির আনুমানিক বাজালমূল্য প্রায় ২০ লক্ষ ১৬ হাজার টাকা। ওই সিরাপে নিষিদ্ধ মাদকজাত উপদান ছিল বলে অভিযোগ।

তদন্তকারীদের দাবি, গত মাসে দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রিপাড়া থেকে ১,৫০০ বোতল একই ধরনের সিরাপ উদ্ধার হয় এবং চার জনকে গ্রেপ্তার করা হয়। ওই চার জনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে মালদহের এই চক্রের সন্ধান মেলে। সেই সূত্র ধরেই রবিবার রাতে অভিযান চালানো হয়। তবে এই চক্রের মূল হোতা কে, কীভাবে এত দিন প্রশাসনের নজর এড়িয়ে ব্যবসা চলছিল, তা এখনও স্পষ্ট নয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা নেটওয়ার্কের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার পর কিশোরীর উপর থেকে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

বুনিয়াদপুরের এসডিপিও শুভতোষ সরকার জানান, মাদক পাচারের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, সোনা এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপ উদ্ধার হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

গভীর রাতে পুলিশের এই অভিযনের পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই জায়গায় এমন বেআইনি কর্মকাণ্ড চলছিল, সে সম্পর্কে তাঁদের কোনও ধারণাই ছিল না। কেউ কেউ জানান, সেটি গুদাম না গ্যারাজ- তা নিয়েও তাঁদের কোনও ধারণা ছিল না।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই বীরভূমে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এক আত্মীয়ের বাড়ি থেকে প্রায় ২৮ কোটি ৫০ লক্ষ টাকা নগদ এবং ১৫ কেজি সোনা উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনার তদন্ত এখনও চলছে। তার মধ্যেই মালদহে বিপুল পরিমাণ নগত অর্থ ও নিষিদ্ধ সিরাপ উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।