• facebook
  • twitter
  • youtube
Monday, 3 August, 2026

উত্তরে ভারী বৃষ্টি, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৩ ডিগ্রি বেশি

উত্তরে ভারী বৃষ্টি, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

Image: IANS

বর্ষা এবং ঘূর্ণাবর্তের জেরে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় প্রতিদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির (Forecast of heavy rain)  পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গেরও কয়েকটি জেলায় ভারী বৃষ্টি (Forecast of heavy rain) হতে পারে। রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, বর্ষাকালীন অক্ষরেখা বর্তমানে রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ বাঁকুড়ার উপর দিয়ে গিয়েছে। পাশাপাশি, পশ্চিম রাজস্থান থেকে সিকিম পর্যন্ত আরও একটি অক্ষরেখা সক্রিয় রয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার পর কিশোরীর উপর থেকে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

বাংলাদেশ ও সংলগ্ন উত্তর-পশ্চিমবঙ্গের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। ফলে দক্ষিণের কিছু জেলা এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে আগামী কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার কলকাতার জন্য বড় ধরনের ঝড়বৃষ্টির সতর্কতা না থাকলেও, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব জেলায় ঘণটায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

মঙ্গলবার ও বুধবার দক্ষিণের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বুধবার পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার নদিয়া, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। তবে মৎস্যজীবীদের জন্য কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন: ভারতের পদকজয়ীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা, শতবর্ষের কমনওয়েলথ গেমসের ব্যাটন উঠল ভারতের হাতে

উত্তরবঙ্গে সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি (Forecast of heavy rain) সম্ভাবনা রয়েছে। একই সময়ে দুই দিনাজপুর এবং মালদহেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৩ ডিগ্রি বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি বেশি।