• facebook
  • twitter
Monday, 18 May, 2026

বুলডোজার রাজনীতির বিরুদ্ধে মমতা, হাওড়া-তিলজলার উচ্ছেদ অভিযান ঘিরে কেন্দ্রকে নিশানা

হাওড়া স্টেশন, তিলজলা ও পার্ক সার্কাসের উচ্ছেদ অভিযান ঘিরে ‘বুলডোজার রাজনীতি’র অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

হাওড়া স্টেশন চত্বর, তিলজলা ও পার্ক সার্কাস এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের উপর ‘বুলডোজার রাজনীতি’ চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি। মমতার বক্তব্য, বাংলার মানুষ ভয় দেখিয়ে বা জোর করে শাসন মানে না।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ঘরবাড়ি থেকে হকার স্টল— রাজনৈতিক ঔদ্ধত্যের মূল্য দিতে হচ্ছে গরিব মানুষকে। রবীন্দ্রনাথ ও নেতাজির বাংলায় ভয় দেখিয়ে শাসন করা যায় না।’ তাঁর অভিযোগ, দিনমজুর, ফুটপাত ব্যবসায়ী, ছোট দোকানদার ও নিম্নবিত্ত পরিবারগুলির জীবন-জীবিকা বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

Advertisement

মমতা আরও দাবি করেন, হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় বৃহৎ উচ্ছেদ অভিযান, তিলজলা ও পার্ক সার্কাসে ক্ষোভ-বিক্ষোভ এবং আশ্রয় হারানো মানুষের হতাশা প্রমাণ করছে সরকার মানবিকতার বদলে শুধুই বাহ্যিক প্রদর্শনে ব্যস্ত। মানুষের কথা না শুনে আগে ভাঙচুর চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

Advertisement

তাঁর বক্তব্য, বাংলার সংস্কৃতি, সহমর্মিতা ও প্রতিবাদের ঐতিহ্যের সঙ্গে ‘বুলডোজার রাজনীতি’ মানানসই নয়। উন্নয়ন মানে দুর্বল মানুষকে সরিয়ে দেওয়া নয়, বরং তাঁদের মর্যাদা রক্ষা করা।

এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের একাংশ পাল্টা দাবি করেছে, বেআইনি দখলমুক্ত করতেই প্রশাসন পদক্ষেপ করছে। যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য, সাধারণ মানুষের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিয়ে উন্নয়নের কথা বলা যায় না।

Advertisement