আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিল কলকাতা পুলিশ। শহরের প্রতিটি থানায় সম্ভাব্য অশান্তি রুখতে ‘মোস্ট নটোরিয়াস ট্রাবল মঙ্গার্স’ বা সম্ভাব্য দুষ্কৃতীদের একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। নির্দেশ অনুযায়ী, প্রতিটি থানা এলাকা থেকে অন্তত ১০ জন করে এমন ব্যক্তিকে চিহ্নিত করতে বলা হয়েছে, যাঁরা ভোটের সময় গোলমাল পাকাতে পারেন বলে পুলিশের সন্দেহ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই নির্দেশ ইতিমধ্যেই সংশ্লিষ্ট ডেপুটি কমিশনারদের (ডিসি) কাছে পাঠানো হয়েছে এবং তাঁদের মাধ্যমে থানাস্তরেও পৌঁছে গিয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তালিকা তৈরি নয়, ওই সন্দেহভাজনদের উপর নজরদারি চালানো এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও শুরু করেছে পুলিশ।
Advertisement
এই পদক্ষেপের পিছনে রয়েছে নির্বাচন কমিশনের পূর্ববর্তী নির্দেশ। গত মার্চ মাসের শেষে নির্বাচন কমিশন কলকাতা পুলিশের লালবাজার সদর দপ্তরকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। সেই সময় কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কমিশনের বৈঠকও হয়।
Advertisement
কমিশন স্পষ্টভাবে জানায়, যাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তাঁদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করতে হবে। পাশাপাশি ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে, চলাকালীন ও পরে যাঁরা অশান্তিতে জড়িত ছিলেন, তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।
এছাড়া, ওই সময় সংশ্লিষ্ট থানার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের তালিকাও স্বরাষ্ট্র দপ্তরের কাছ থেকে সংগ্রহ করেছিল কমিশন। সব মিলিয়ে, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগাম সতর্কতামূলক পদক্ষেপে জোর দিচ্ছে কলকাতা পুলিশ, যাতে ভোট প্রক্রিয়া নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়।
Advertisement



