শতাব্দীপ্রাচীন কোহিনূর বিতর্কে ফের নতুন মাত্রা যোগ করলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। ব্রিটিশ রাজপরিবারের দখলে থাকা ঐতিহাসিক ‘কোহিনূর’ হিরে ভারতে ফেরানোর পক্ষে সওয়াল করলেন।
প্রসঙ্গত, সম্প্রতি রাজা তৃতীয় চার্লসের মার্কিন সফরের সময় তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন মামদানি। সাক্ষাতের আগে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আলাদা করে কথা বলার সুযোগ পেলে আমি কোহিনূর হিরে ভারতকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানাতাম।’ পরে তিনি রাজার সঙ্গে সাক্ষাৎ করেন। যদিও তাঁদের বৈঠকে এই প্রসঙ্গ উঠেছিল কি না, তা স্পষ্ট হয়নি।
Advertisement
ভারতের ঐতিহাসিক এই রত্ন নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলছে। একসময় কেন্দ্রীয় সরকারও জানিয়েছিল, কোহিনূর শুধুমাত্র একটি হিরে নয়, এটি দেশের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত এক মূল্যবান ঐতিহ্য। তবুও ব্রিটিশ রাজপরিবার এই হিরে নিজেদের কাছেই রেখে দিয়েছে।
Advertisement
ইতিহাস বলছে, ১৮৪৯ সালে পাঞ্জাব দখলের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই হিরে ইংল্যান্ডে নিয়ে যায়। পরে এটি রানি ভিক্টোরিয়ার রাজমুকুটের অংশ হয়ে ওঠে। পরবর্তীকালে রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেকের সময় তাঁর স্ত্রীর মুকুটেও বসানো হয় এই হিরে।
বর্তমানে এই ঐতিহাসিক রত্নটি লন্ডনের টাওয়ার অফ লন্ডনে সংরক্ষিত রয়েছে। সারা বিশ্বের দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র হয়ে আছে।মামদানির এই মন্তব্য নতুন করে আন্তর্জাতিক স্তরে আলোচনার ঝড় তুলেছে। বিশেষজ্ঞদের মতে, কোহিনূর ফেরানোর দাবি শুধু একটি রত্ন ফেরত পাওয়ার বিষয় নয়, বরং ঔপনিবেশিক ইতিহাস ও ন্যায্য অধিকারের প্রশ্নের সঙ্গেও জড়িত।
Advertisement



