• facebook
  • twitter
  • youtube
Wednesday, 15 July, 2026

মধ্যপ্রদেশে পিকআপ ভ্যান-এসইউভি সংঘর্ষে মৃত ১৬ শ্রমিক

জেলাশাসক জানিয়েছেন, অধিকাংশ শ্রমিকের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাঁদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হয়েছে।

মধ্যপ্রদেশে পিকআপ ভ্যান-এসইউভি সংঘর্ষে মৃত ১৬ শ্রমিক

প্রতীকী চিত্র

ভয়াবহ পথ দুর্ঘটনা মধ্যপ্রদেশের ধর জেলায়। পিকআপ ভ্যান ও একটি এসইউভির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত ১৬ জন শ্রমিক। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আরও ১৯ জন। এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মৃতদের পরিবারকে এককালীন আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার। এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ৯টা নাগাদ ধর জেলার বাগ্গাদ এলাকায় একটি পিকআপ ভ্যানে প্রায় ৪৬ জন শ্রমিক বাড়ি ফিরছিলেন। দ্রুত গতিতে চলা পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা একটি এসইউভির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটি উলটে যায় এবং শ্রমিকরা রাস্তায় ছিটকে পড়েন। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ১২ জনকে মৃত বলে ঘোষণা করেন। আরও ২০ জন আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁদের মধ্যে আরও চারজনের মৃত্যু হয়েছে হয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসাধীন বাকি কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক। প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ প্রসঙ্গে ধর জেলার জেলাশাসক জানিয়েছেন, অধিকাংশ শ্রমিকের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাঁদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হয়েছে।

মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মোহন যাদব রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং অন্যান্য আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।