• facebook
  • twitter
Saturday, 28 February, 2026

জেলা জুড়ে ভোটার তালিকায় গরমিল, চূড়ান্ত সংখ্যা এখনও অধরা

প্রশাসনিক মহলের একাংশের অনুমান, শেষ পর্যন্ত কমবেশি ৭ লক্ষ নাম বাদের আওতায় থাকতে পারে

প্রতিনিধিত্বমূলক চিত্র

চূড়ান্ত ভোটার তালিকা এখনও রাজ্য জুড়ে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ না হলেও, কয়েকটি জেলায় ইতিমধ্যেই তালিকা টাঙানো শুরু হয়েছে। প্রাথমিক ভাবে যে তথ্য সামনে আসছে, তাতে দেখা যাচ্ছে—নাম বাদের সংখ্যার তুলনায় ‘তথ্যগ্রাহ্য অসঙ্গতি’র সংখ্যা অনেক ক্ষেত্রেই বেশি। ফলে যোগ-বিয়োগের সঠিক অঙ্ক এখনও স্পষ্ট না হলেও, প্রশাসনিক মহলের একাংশের অনুমান, শেষ পর্যন্ত কমবেশি ৭ লক্ষ নাম বাদের আওতায় থাকতে পারে।

জেলা ভিত্তিক যে তথ্য উঠে আসছে, তাতে ছবিটা বেশ তাৎপর্যপূর্ণ। আলিপুরদুয়ারে প্রায় ১১ হাজার নাম বাতিল হয়েছে। তবে বিচারবিভাগীয় আধিকারিকদের হাতে এখনও প্রায় ৮০ হাজার আবেদন বিবেচনাধীন। বাঁকুড়ায় প্রায় দেড় লক্ষ এবং নদিয়ায় আড়াই লক্ষের কিছু বেশি নাম নিয়ে জটিলতা রয়েছে বলে সূত্রের খবর। উত্তর কলকাতায় এখনও চার লক্ষের মতো নাম বাদ গিয়েছে বলে শোনা যাচ্ছে, যদিও এই সংখ্যা চূড়ান্ত নয়।

Advertisement

অন্যদিকে কোচবিহারে নাম বাদের সংখ্যা প্রায় ১০ হাজার হলেও, তথ্যগ্রাহ্য অসঙ্গতির সংখ্যা সেখানে প্রায় ২ লক্ষ ৪০ হাজার। মালদহে প্রায় ৮ লক্ষ ৫০ হাজার, মুর্শিদাবাদে প্রায় ৯ লক্ষ, উত্তর দিনাজপুরে ৪ লক্ষ ৮০ হাজার এবং জলপাইগুড়িতে প্রায় ১ লক্ষ ১০ হাজার নাম তথ্যগত অসঙ্গতির তালিকায় রয়েছে। দুই ২৪ পরগনাতেও কয়েক লক্ষ নাম একই তালিকায় রয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisement

উল্লেখ্য, এর আগে খসড়া তালিকা প্রকাশের সময় প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছিল। চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই প্রকৃত চিত্র পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সংখ্যার অঙ্ক নিয়ে জল্পনা অব্যাহত থাকছেই।

Advertisement