• facebook
  • twitter
  • youtube
Saturday, 10 October, 2026

দিল্লির পাশাপাশি এসআইআর বাতিল ও জ্ঞানেশের পদত্যাগের দাবিতে মিছিল কলকাতায়

বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এর ফলে সাধারণ মানুষের ভোটাধিকার বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি তাঁদের।

দিল্লির পাশাপাশি এসআইআর বাতিল ও জ্ঞানেশের পদত্যাগের দাবিতে মিছিল কলকাতায়

এসআইআর প্রক্রিয়া বাতিল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মহালয়ার দিন কলকাতায় পথে নামল বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস (এপিডিআর)-সহ একাধিক সুশীল সমাজ ও প্রগতিশীল সংগঠনের উদ্যোগে কলকাতা বিশ্ববিদ্যালয় ও কলেজ স্ট্রিট এলাকা থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়।

এদিন ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগান নিয়ে মিছিলটি সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে এগিয়ে যায়। পরে ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয় মিছিল। সেখানে সংক্ষিপ্ত সমাবেশও করেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এর ফলে সাধারণ মানুষের ভোটাধিকার বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি তাঁদের। নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলনকারীরা সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে সরব হন।

আরও পড়ুন: মহালয়ায় বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সম্পূর্ণ ট্রায়াল রান, কবে চালু হবে পরিষেবা?

মিছিল থেকে তিনটি প্রধান দাবি তোলা হয়। প্রথমত, এসআইআর প্রক্রিয়া অবিলম্বে বাতিল করতে হবে। দ্বিতীয়ত, পক্ষপাতমূলক আচরণ ও ভোটারদের হয়রানির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং তাঁর আইনি জবাবদিহি নিশ্চিত করতে হবে। তাঁর রক্ষাকবচ প্রত্যাহার করে গ্রেপ্তারির দাবিও তোলেন বিক্ষোভকারীদের একাংশ। তৃতীয়ত, কারিগরি ত্রুটি বা অন্য কোনও কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়া সাধারণ ও প্রবীণ নাগরিকদের নাম বিনা শর্তে পুনর্বহালের দাবি জানানো হয়।