• facebook
  • twitter
  • youtube
Thursday, 4 June, 2026

নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মণকে গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের

তাঁকে গ্রেপ্তার করে আগামী ১০ দিনের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে

নিউটাউনের বহুচর্চিত স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের মামলায় কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মণকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত। শুধু তাই নয়, তাঁকে গ্রেপ্তার করে আগামী ১০ দিনের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। একইসঙ্গে মামলার তদন্তে গাফিলতির অভিযোগে তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধেও বিভাগীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার মামলার শুনানিতে বিচারপতি পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। আদালতের প্রশ্ন, এত মাস কেটে যাওয়ার পরও কেন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি? এই ব্যর্থতার কারণেই তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি সল্টলেকে একটি সড়ক দুর্ঘটনার ঘটনায় প্রশান্ত বর্মণকে দেখা যায় এবং তাঁকে গ্রেপ্তারও করা হয়। সেই ঘটনার পরই ফের সামনে আসে তাঁর অবস্থান সংক্রান্ত প্রশ্ন। এবার স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় সরাসরি গ্রেপ্তারের নির্দেশ দিয়ে তদন্তে নতুন গতি আনল কলকাতা হাইকোর্ট।

স্বপন কামিল্যা খুনের অভিযোগ ওঠার পর প্রশান্ত বর্মণকে বিডিও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। প্রথমে বারাসত ও বিধাননগর আদালত থেকে আগাম জামিন পেলেও পরে সেই জামিনকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয় পুলিশ। মামলার আইনি লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালেও অভিযুক্ত দীর্ঘদিন ধরেই অধরা ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর নিউটাউন থানার যাত্রাগাছি এলাকার খালপাড় থেকে উদ্ধার হয়েছিল স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ। অভিযোগ, তাঁকে অপহরণের পর খুন করা হয়েছিল। ঘটনার পর থেকেই মৃতের পরিবার প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মণকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে। মামলায় আগেই গ্রেপ্তার করা হয়েছিল কোচবিহারের প্রভাবশালী তৃণমূল নেতা সজল সরকারকে। সম্প্রতি তিনি জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে গেলেও আদালত তা খারিজ করে দেয়। বিচারপতির পর্যবেক্ষণ, মামলার গুরুত্ব বিবেচনায় এই মুহূর্তে কোনওভাবেই জামিন দেওয়া সম্ভব নয়।