ভোটের মুখে ডুয়ার্সের মাদারিহাটে প্রার্থী নির্বাচন ঘিরে বিজেপির অন্দরে তৈরি হওয়া অসন্তোষ মেটাতে সরাসরি মাঠে নামলেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং। রবিবার আলিপুরদুয়ারের বীরপাড়ায় বিজেপি নেতা রাহুল লোহারের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন তিনি। গুরুংয়ের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী লক্ষ্মণ লিম্বু ও অন্যান্য নেতারা।
সূত্রের খবর, প্রার্থী বাছাই নিয়ে ক্ষুব্ধ হয়ে রাহুল লোহার কিছুদিন ধরে প্রচার থেকে দূরে ছিলেন। সেই পরিস্থিতিতে তাঁর মান ভাঙিয়ে সক্রিয় রাজনীতিতে ফেরাতে উদ্যোগী হন গুরুং। দীর্ঘ বৈঠকের পর রাহুল লোহার জানিয়েছেন, তিনি এবার দলীয় প্রার্থীর জয়ের লক্ষ্যে একসঙ্গে কাজ করবেন।
Advertisement
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হন বিজেপির মনোজ টিগ্গা। পরে তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সাংসদ হওয়ায় আসনটি শূন্য হয়। উপনির্বাচনে বিজেপি রাহুল লোহারকে প্রার্থী করলেও তিনি পরাজিত হন। এরপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে আবার বিজেপিতে ফিরে আসেন।
Advertisement
এবারের নির্বাচনে তাঁকে টিকিট না দিয়ে লক্ষ্মণ লিম্বুকে প্রার্থী করা হয়। অভিযোগ ওঠে, গুরুংয়ের প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে রাহুল শিবিরে অসন্তোষ দেখা দেয়। বৈঠকের পর বিমল গুরুং বলেন, ‘আগের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব।’ রাহুল লোহারও জানিয়েছেন, ‘সবাই মিলে লক্ষ্মণ লিম্বুকে জেতাতে ঝাঁপিয়ে পড়ব।’ ভোটের আগে এই সমঝোতা বিজেপির সংগঠনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।
Advertisement



