আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিএমের তরফে প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দলের অন্দরে দ্বন্দ্বের চিত্র নজরে পড়েছে। এবার প্রার্থী তালিকা নিয়ে অসন্তুষ্ট হয়ে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে কড়া চিঠি দিল ফরওয়ার্ড ব্লক। অল ইন্ডিয়া ফরওর্য়াড ব্লকের সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের তরফে এই চিঠি পাঠানো হয়েছে। এই চিঠিতে মূলত শ্যামপুকুর সহ কয়েকটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা নিয়ে অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগ কয়েকটি বিধানসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট।
প্রথম দফায় ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৯২ টি কেন্দ্রেপ্রার্থীও ঘোষণা করেছে সিপিএম। ফরওয়ার্ড ব্লককে পাশে রেখেই এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। নরেন্দ্র চট্ট্যোপাধ্যায় তাঁর চিঠিতে জানিয়েছেন, দ্বিপাক্ষিক স্তরে ঠিক হয়েছিল তাদের ২২টি আসন ছাড়া হবে। সেই মতো তালিকা পাঠিয়ে দিয়েছিলেন তিনি। এই ২২টি কেন্দ্রের মতো ৭টি কেন্দ্র যথা–কোচবিহার উত্তর, সিতাই, জলপাইগুড়ি, হরিশচন্দ্রপুর (মালদহ), রানিনগর (মুর্শিদাবাদ), মধ্যমগ্রাম (উত্তর ২৪ পরগনা) ও গলসিতে প্রার্থীর নাম নিষ্পত্তি না হওয়ায় এই ৭টি কেন্দ্রে প্রার্থীর নামের তালিকা পাঠায়নি ফরওয়ার্ড ব্লক।
Advertisement
কিন্তু তারপরেও একতরফাভাবে এইসব আসনে প্রার্থী ঘোষণা করে বামফ্রন্ট। এই অভিযোগ তুলেই নরেন চট্টোপাধ্যায় চিঠিতে স্পষ্ঠ লিখেছেন, ‘এতে আমরা ক্ষুদ্ধ। এই কেন্দ্রগুলিতে দীর্ঘ বাম আন্দোলনে ফরওয়ার্ড ব্লকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার নিরিখে কোনোভাবেই উক্ত কেন্দ্রগুলি আমাদের পক্ষে ছাড়া সম্ভব নয়।’ চিঠিতে তিনি দলের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা জানিয়েছেন। এছাড়াও চিঠিতে উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভায়ও আলোচনামতো প্রার্থী ঘোষণা করা হয়নি বলে অভিযোগ তুলেছেন নরেন।
Advertisement
দলের তরফে নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সিপিএমের অন্দরে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এখনই যদি এমন জট তৈরি হয় তাহলে আসন্ন নির্বাচনে কীভাবে লড়াই করবে বামফ্রন্ট তা নিয়ে উঠেছে প্রশ্ন।
Advertisement



