• facebook
  • twitter
  • youtube
Tuesday, 27 October, 2026

ফের তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, ফিরল পুরোনো স্মৃতি! অল্পের জন্য প্রাণরক্ষা

রামপুরহাট থানার এক আধিকারিক জানিয়েছেন, ভোর ৩টে ৫১ মিনিট নাগাদ তাঁদের কাছে আগুন লাগার খবর আসে। দমকলের ইঞ্জিন ও পুলিশ পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকে ১২ জনকে বের করে নিয়ে আসা হয়।

ফের তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, ফিরল পুরোনো স্মৃতি! অল্পের জন্য প্রাণরক্ষা

File Photo

ঠিক দুমাস আগে তারাপীঠের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি এখনও তরতাজা। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছিলেন। মঙ্গলবার ভোরে সেই অগ্নিকাণ্ডের স্মৃতিই যেন ফিরল। বীরভূমের তারাপীঠের একটি অভিজাত লজে আগুন লাগে। তবে পুলিশ ও দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হননি। প্রত্যেক অতিথিকে নিরাপদে বের করে আনা হয়।

রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার পথে রয়েছে এই বিলাসবহুল সুবিশাল হোটেল। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ এই লজের ২০১ নম্বর ঘরে আগুন লাগে। খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন ও রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দমকলকর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন। হোটেলের ভিতর থেকে পর্যটক ও কর্মীদের নিরাপদে বাইরে বের করে আনা হয়।

গোটা ঘটনায় সেখানে থাকা আবাসিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লজ কর্তৃপক্ষের তরফে দাবি, কোনও আবাসিকের ক্ষতি হয়নি। প্রাথমিক তদন্তের পর দমকল সূত্রের খবর, লজের দ্বিতীয় তলার একটি ঘরের বিছানায় প্রথমে আগুন লাগে। সেখান থেকে আশেপাশের ঘরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকল বিভাগের রিপোর্ট আসার পরেই গোটা বিষয়টা পরিষ্কার হবে বলে জানা গিয়েছে।

লজের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক ছিল কি না, দমকল আধিকারিকেরা সেটাও খতিয়ে দেখছেন। অগ্নিকাণ্ডে লজের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বিষয়েও বিস্তারিতভাবে এখনও কিছু জানা যায়নি। রামপুরহাট থানার এক আধিকারিক জানিয়েছেন, ভোর ৩টে ৫১ মিনিট নাগাদ তাঁদের কাছে আগুন লাগার খবর আসে। দমকলের ইঞ্জিন ও পুলিশ পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকে ১২ জনকে বের করে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: ১৪৪-২০৯ ওয়ার্ড! পুরভোটের মুখে কলকাতার সীমানা নিয়ে চ্যালেঞ্জ হাইকোর্টে

উল্লেখ্য, গত আগস্টে শ্রাবণ মাসের শেষ সোমবার তারাপীঠের একটি হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার পর রামপুরহাটের একটি হোটেলের রান্নাঘরেও আগুন লাগে। সেই ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলগুলির নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।