ভোটের কাউন্টডাউন শুরু হতেই রাজ্যজুড়ে জোরদার হয়েছে নির্বাচনী প্রচার। সেই আবহেই উত্তরবঙ্গে প্রচারে গিয়ে বিপাকে পড়লেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ দেব। সোমবার আলিপুরদুয়ারে দলের প্রার্থী সুমন কাঞ্জিলালের সমর্থনে তাঁর একটি বড় রোড শো করার কথা ছিল। তবে নির্ধারিত পথ শেষ করার আগেই মাঝপথ থেকে প্রচার বন্ধ করে ফিরে যেতে হয় তাঁকে।
জানা যায়, আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড থেকে শুরু হয়েছিল এই রোড শো। চৌপথি পর্যন্ত যাওয়ার পরিকল্পনা থাকলেও, বিপুল ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হয়। জনপ্রিয় এই অভিনেতাকে একঝলক দেখতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমায়—রাস্তাঘাট, বাড়ির ছাদ এমনকি গাছের ডালেও দেখা যায় উৎসাহী জনতাকে। কিন্তু এই বিশাল ভিড় সামাল দিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলেই অভিযোগ।
Advertisement
তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলালের দাবি, একজন তারকা প্রচারকের জন্য যে ধরনের নিরাপত্তা থাকা উচিত, তা দিতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন ও তাদের অধীনস্থ পুলিশ-প্রশাসন। তাঁর মতে, এই ঘটনায় চক্রান্তের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। একই অভিযোগ তুলেছেন দলের অন্য নেতারাও।
Advertisement
অন্যদিকে, বহুক্ষণ অপেক্ষা করেও দেবকে কাছ থেকে দেখতে না পেয়ে হতাশ হন অনুরাগীরা। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত মহাকালধামেই প্রচার কর্মসূচি শেষ করেন দেব।তবে এই ঘটনার মধ্যেও আত্মবিশ্বাসী তৃণমূল শিবির। সুমন কাঞ্জিলাল আশ্বাস দিয়েছেন, ভোটের ফল প্রকাশের পর ফের আলিপুরদুয়ারে এসে রোড শো করবেন দেব।
Advertisement



