‘তোর ছোঁয়া না পেলে ঠোঁটে, জিয়া লাগে না।’ এই এক লাইনেই যেন ১২ বছর আগের সেই ‘দেশু’কে ফের চিনে নেওয়া! ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’-র সেই উন্মাদ প্রেম, সেই মাখোমাখো রসায়ন, এবার লাদাখের পাহাড়ি রাস্তায় ফের আগুন ধরাচ্ছে দেব-শুভশ্রীর জুটি।
বারো বছর! সময়ের হিসেবে নেহাত কম নয়। এর মধ্যে বদলে গিয়েছে অনেক কিছু। চল্লিশ পেরিয়েছেন দেব, পঁয়ত্রিশে পা দিয়েছেন শুভশ্রী। দু’জনের জীবনেই এসেছে সাফল্য, ব্যর্থতা, সম্পর্ক, সংসার, দায়িত্ব—জমেছে অভিজ্ঞতার অসংখ্য স্তর। কিন্তু ক্যামেরা অন হতেই যেন সেই সবকিছু উধাও! চোখে চোখ পড়লেই পুরনো আগুন, ঠোঁটে হাসি ফুটলেই পুরনো দুষ্টুমি, আর একে অপরের কাছাকাছি এলেই সেই চেনা বিদ্যুৎ! বয়স বেড়েছে ঠিকই, কিন্তু দেব-শুভশ্রীর পর্দার রসায়নে যেন একটুও ভাটা পড়েনি।
বরং এবারের প্রেমটা আরও বেশি ইনটেন্স, আরও বেশি বেপরোয়া। কলেজের বেঞ্চে বসে লুকিয়ে প্রেম করার সরলতা নেই। নেই কিশোর-কিশোরীর লাজুক চোখাচোখি। এবার আছে এমন এক আকর্ষণ, যেখানে দু’জন মানুষ একে অপরকে হারিয়েও আবার ফিরে পেতে চাইছে। আছে দীর্ঘ অপেক্ষার তাপ, জমে থাকা আবেগ আর না-বলা কথার বিস্ফোরণ। একটা চাহনিই যেখানে গোটা সংলাপের কাজ করে দিচ্ছে!
লাদাখের রুক্ষ পাহাড়, বিস্তীর্ণ আকাশ আর ধূসর প্রকৃতির মাঝখানে দেব-শুভশ্রীর এই প্রেম যেন আরও তীব্র হয়ে উঠেছে। চারপাশ যতটা নিষ্প্রাণ, তাঁদের চোখের ভাষা ততটাই উত্তপ্ত। কাছাকাছি দাঁড়ানো, এক ঝলক তাকানো কিংবা নিছক একটা হাসি—সবকিছুর মধ্যেই এমন একটা টান, যা পর্দার এপারেও এসে ধাক্কা মারছে।
আর এখানেই ‘দেশু ৭’-এর আসল চমক। ১২ বছর আগের জুটিকে হুবহু ফিরিয়ে আনা হয়নি। ফিরেছে তাঁদের প্রেমের আগুন, কিন্তু বদলে গিয়েছে তার রং। তখন ছিল তারুণ্যের উন্মাদনা, এবার সেই উন্মাদনার সঙ্গে মিশেছে পরিণত বয়সের গভীর আকর্ষণ। তাই এই রসায়ন আগের চেয়ে যেন আরও বিপজ্জনক, আরও পাগল করা!
প্রথম গান প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ভিউয়ারশিপে লক্ষের গণ্ডি পেরিয়ে যাওয়া তাই নিছক সংখ্যা নয়। দেব-শুভশ্রীকে আবার একসঙ্গে দেখার জন্য দর্শকের যে ক্ষুধা এত বছর পরেও এতটা তীব্র, এই সাড়া তারই প্রমাণ।
‘দেশু ৭’-এর প্রথম গান যেন পুরনো প্রেমের বাক্স খুলে দেওয়া। ভিতরে পুরনো স্মৃতি আছে, পুরনো মানুষ আছে, কিন্তু আবেগটা একেবারেই নতুন। ১২ বছর আগে যে জুটি দর্শকের হৃদয়ে ঝড় তুলেছিল, তারা এবার ফিরেছে আরও পরিণত, আরও সাহসী, আরও আগুনঝরা হয়ে।
‘দেশু’ ফিরেছে। আর প্রথম গানেই পরিষ্কার—এই প্রেম শুধু পুরনো নস্ট্যালজিয়া নয়। এই প্রেম এখনও জ্বলছে। বরং ১২ বছর চাপা থাকার পর আগুনটা এবার আরও ভয়ংকর!




