সরকারি চাকরির প্রস্তুতির পর পরীক্ষা দিতে খরচ হয় যুবক-যুবতীদের। তাতে বেশ অনেকেই অসুবিধায় পড়েন ওই টাকা জোগাড় করতে। সরকারি পরীক্ষার জন্য খরচ হয়ে যায় ফর্ম ফিলআপ করতে। যাঁরা পরপর একাধিক সরকারি পরীক্ষা দেন, তাঁদের একাংশের কাছে এই টাকা জোগাড় করে পরীক্ষায় বসা অনেক সময় বেশ চাপের হয়। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একটি অনুষ্ঠানে পরীক্ষার্থীদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন চাকরি মেলার মঞ্চ থেকে ৬০০ জন চাকরিপ্রার্থীর হাতে নিযোগপত্র তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এখান থেকেই তিনি ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতা এবং গত তৃণমূল কংগ্রেস সরকারের আমলের নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হন।
এদিকে ওবিসি সংরক্ষণ জটিলতা এখন কেটে গিয়েছে। তাই নিয়োগে কোনও বাধা নেই বলে দাবি মুখ্যমন্ত্রীর। এই বিষয়ে শুভেন্দু অধিকারীর দাবি, ‘রাজ্যে আগের সরকার ক্ষমতায় বহাল থাকলে কোনওভাবেই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতো না। এখন প্রশাসন নিয়োগের ক্ষেত্রে সমস্তরকম দুর্নীতি এবং প্রশাসনিক ত্রুটির বাধা সফলভাবে অতিক্রম করেছে। তাই ভবিষ্যতে চাকরির প্রক্রিয়ায় কোনও ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা রাজনৈতিক নিয়োগ বরদাস্ত করা হবে না। সরকারি চাকরির ক্ষেত্রে ফি তুলে দেওয়া হবে। এটা সংকল্পপত্রে রয়েছে। আমরা ঠিক সময়ে এটা তুলে দেব।’
অন্যদিকে সরকারি চাকরির পরীক্ষায় ফি তুলে দিলে আরও বেশি সংখ্যক যুবক-যুবতী আবেদন করবেন বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তার উপর খরচের চাপে তাঁদের পিছিয়ে যেতে হবে না। এই কথা মাথায় রেখে শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘অনেক অর্থনৈতিক সমস্যা রয়েছে। তার মধ্যেও অনেকগুলি চালু হয়েছে। সবার বেতন কিছু না কিছু বাড়ানো হয়েছে। দুটো গ্রুপ করে ভরসা স্কিম চালু করব। তার প্রস্তুতি চলছে। শীঘ্রই জানিয়ে দেব, ভরসা স্কিমে এমপ্লয়মেন্ট না পাওয়া পর্যন্ত অন্তত ৫ বছর পরীক্ষার প্রস্তুতির জন্য সাপোর্ট দেওয়া হবে। গ্র্যাজুয়েট এবং নন-গ্র্যাজুয়েটদের পরীক্ষার প্রস্তুতির জন্য ভাতা চালু করা হবে। পূর্ববর্তী সরকার পুনরায় নির্বাচিত হলে রাজ্যে একটিও নিয়োগপত্র দেওয়া সম্ভব হতো না।’
তাছাড়া আগের সরকার ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি জটিলতা তৈরি করেছিল। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সকল মানুষকে ওবিসি তালিকাভুক্ত করার যে প্রচেষ্টা গত সরকার চালিয়েছিল, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই সিদ্ধান্তকে সম্পূর্ণ অবৈধ এবং বাতিল বলে ঘোষণা করে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, এই আইনি জটিলতা কোনওদিনই মিটত না এবং নিয়োগও আটকে থাকত। এই সরকার বিধানসভায় নতুন আইন প্রণয়নের মাধ্যমে বিষয়টি সংশোধন করেছে ও মামলা প্রত্যাহার করেছে সুপ্রিম কোর্ট থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্য সরকার চায় বেসরকারি ক্ষেত্রে শিল্পস্থাপনের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান তৈরি হোক এবং তৃতীয় বিকল্প হিসেবে যুবসমাজ ব্যবসার পথে এগিয়ে আসুক। নারীদের উচ্চশিক্ষার জন্যও বিশেষ প্রকল্প চালু হবে। জানুয়ারি মাস থেকে চালু হবে ভগিনী নিবেদিতা স্কিম। যে ছাত্রীরা উচ্চমাধ্যমিকের পর আরও পড়াশোনা করতে চান, তাঁদের ৩ বছরে ৫০ হাজার টাকা অর্থসাহায্য করা হবে।’




