• facebook
  • twitter
  • youtube
Saturday, 20 June, 2026

সই জালিয়াতি মামলায় শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডি

সূত্রের দাবি, প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে সেখানে ছিলেন তদন্তকারীরা। এই সময় শোভনদেবকে  সই জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর

ফাইল চিত্র

বিধানসভার সই জালিয়াতি মামলার তদন্তে এবার বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে গেল সিআইডি। শনিবার সকালের ভবানীপুরে তাঁর বাড়িতে যায় রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থার দুই সদস্যের একটি দল। সূত্রের দাবি, প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে সেখানে ছিলেন তদন্তকারীরা। এই সময় শোভনদেবকে  সই জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর।

তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন শোভনদেব। তবে তাঁর মতে, যাঁরা অভিযোগ তুলেছেন, তাঁদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত। তিনি বলেন, তদন্তে তিনি সহযোগিতা করবেন। তবে যে বৈঠকে সংশ্লিষ্ট রেজলিউশনে স্বাক্ষর হয়েছিল, সেখানে উপস্থিত থাকা অভিযোগকারীদের বক্তব্যও খতিয়ে দেখা প্রয়োজন।

উল্লেখ্য, বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেবের নাম প্রস্তাব করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মর্মে স্পিকার রথীন্দ্রনাথ বসুনর কাছে দলের তরফে একটি চিঠি জমা দেওয়া হয়। সেখানে সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর ছিল। কিন্তু ওই স্বাক্ষর নিয়ে জালিয়াতির অভিযোগ ওঠায় স্পিকারর চিঠিটি গ্রহণ করেননি।

এ বিষয়ে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। পরবর্তীতে এই দুই বিধায়ককে দল থেকে বহিষ্কারর করা হয়। যদিও পরে ৫৯ জন বিধায়কের সমর্থনপত্র জমা দিয়ে ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

ঘটনার তদন্ত করছে সিআইডি। ইতিমধ্যেই অভিষেককে ভবানী ভবনে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি কয়েকজন তৃণমূল বিধায়কের হাতে লেখারর নমুনাও সংগ্রহ করেছে তদন্তকারী সংস্থা। কারও বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে, আবার কাউকে নোটিস পাঠানো হয়েছে। শুক্রবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও নোটিস দিতে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। তবে তিনি দিল্লিতে থাকায় পরিবারের সদস্যরা নোটিস নেন। তদন্তের স্বার্থে শনিবার ফের সেখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে।