• facebook
  • twitter
  • youtube
Monday, 9 November, 2026

আইওএ-র নির্বাচনে বিতর্ক, বড় ধাক্কা পিটি ঊষার, হেরে গেলেন মেরিট ভোটে! জিতলেন বাংলার দোলা, সঙ্গে তিন তারকাও

অন্য দিকে, কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারোত্তোলক সতীশ শিবালিঙ্গমও নির্বাচনী আধিকারিক সঞ্জয় কুমার শ্রীবাস্তবের কাছে অভিযোগ জানান

আইওএ-র নির্বাচনে বিতর্ক, বড় ধাক্কা পিটি ঊষার, হেরে গেলেন মেরিট ভোটে! জিতলেন বাংলার দোলা, সঙ্গে তিন তারকাও

PT Usha Photo-ANI

ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) সভাপতি পদে দ্বিতীয় বার বসার স্বপ্নে বড় ধাক্কা। স্পোর্টসপার্সনস অফ মেরিট (এসওএম) নির্বাচনে হেরে গেলেন পিটি ঊষা। সোমবারের এই নির্বাচনে মহিলাদের চারটি আসনে জয়ী হয়েছেন সাইনা নেহওয়াল, অঞ্জু ববি জর্জ, দোলা বন্দ্যোপাধ্যায় এবং রানি রামপাল। ফলে আগামী ৫ ডিসেম্বর আইওএ-র কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের আগে চাপে পড়ে গেলেন বর্তমান সভাপতি।

মহিলাদের চারটি আসনের জন্য লড়াই ছিল ছ’জনের মধ্যে। তাঁদের মধ্যে জায়গা করে নিতে পারেননি ঊষা। অন্য দিকে, পুরুষদের চারটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অলিম্পিক পদকজয়ী গগন নারাং, বিজেন্দ্র সিং, যোগেশ্বর দত্ত এবং প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় কমলেশ মেহতা।

মহিলাদের বিভাগে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন অঞ্জু ববি জর্জ। তাঁর ঝুলিতে ৫৩টি ভোট। দ্বিতীয় স্থানে রানি রামপাল, পেয়েছেন ৫০টি। দোলা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৪৫টি এবং সাইনা নেহওয়ালের প্রাপ্ত ভোট ৪৩। পিটি ঊষা পেয়েছেন ৪০টি ভোট। মোট ৮০ জন ভোটারের ভোটে নির্বাচিত হয়েছেন চার জন।

২০২২ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইওএ-র প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন ঊষা। সে বার এসওএম হওয়ার সুবাদেই নির্বাচনে লড়ার সুযোগ পেয়েছিলেন তিনি। এ বার সেই পথেই বাধা পড়ে গেল।

আইওএ-র সংবিধান অনুযায়ী, সভাপতি পদে প্রার্থী হতে গেলে কোনও ব্যক্তিকে এসওএম অথবা সাধারণ সভার সদস্য হতে হবে। এসওএম নির্বাচনে হেরে যাওয়ায় ঊষার সামনে এখন একটাই সম্ভাব্য রাস্তা— কোনও জাতীয় ক্রীড়া সংস্থার মনোনয়নে সাধারণ সভার সদস্য হওয়া। তবে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার দু’জন প্রতিনিধির মধ্যে ঊষার জায়গা পাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

এসওএম নির্বাচনে জয়ী আট জন— চার জন পুরুষ ও চার জন মহিলা— আইওএ-র সাধারণ সভার সদস্য হবেন। তাঁরা ৫ ডিসেম্বরের নির্বাচনে ভোট দিতে পারবেন, পাশাপাশি কার্যনির্বাহী পরিষদের পদেও লড়তে পারবেন। এই আট জনের মধ্যে এক জন পুরুষ ও এক জন মহিলা কার্যনির্বাহী পরিষদেও জায়গা পাবেন। ফলে ঊষার পরবর্তী নির্বাচনে অংশগ্রহণের পথ বেশ কঠিন হয়ে গেল।

এসওএম নির্বাচন ঘিরে বিতর্কও কম হয়নি। প্রাক্তন তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ তুলেছিলেন ঊষা। তাঁর অভিযোগ ছিল, দোলার নামযুক্ত একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে ‘নিউ ভারত প্যানেল’-এর পক্ষে ভোট চেয়ে বার্তা ছড়ানো হয়েছে। সেই বার্তায় চার জন প্রার্থীর নাম, ব্যালটের ক্রমিক নম্বর এবং ভোটার তালিকার নম্বর উল্লেখ করে তাঁদের নির্বাচিত করার আবেদন জানানো হয়েছিল।

অন্য দিকে, কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারোত্তোলক সতীশ শিবালিঙ্গমও নির্বাচনী আধিকারিক সঞ্জয় কুমার শ্রীবাস্তবের কাছে অভিযোগ জানান। তাঁর বক্তব্য ছিল, ‘নির্বাচনী তালিকার সদস্যদের প্রভাবিত করে এক জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে সমর্থন আদায়ের জন্য সংগঠিত চেষ্টা চলছে’। তিনি আরও অভিযোগ করেন, ‘এই কাজে আইওএ-র সম্পদ ব্যবহার করা হচ্ছে’। যদিও অভিযোগে তিনি সরাসরি ঊষার নাম করেননি।

৫ ডিসেম্বরের নির্বাচনেই ঠিক হবে ২০২৬ থেকে ২০৩০—পরবর্তী চার বছরের জন্য ভারতীয় অলিম্পিক সংস্থার নেতৃত্ব কার হাতে থাকবে। তার আগে এসওএম নির্বাচনে ঊষার হার সেই লড়াইয়ের সমীকরণ অনেকটাই বদলে দিল।