• facebook
  • twitter
Sunday, 29 March, 2026

চার্জশিট তরজা তুঙ্গে, শাহকে ‘দিল্লির জমিদার’ বলে পাল্টা তোপ মমতার

প্রতিদিনের মতোই দিনভর প্রচারের শেষে শনিবার সন্ধ্যায় সমাজমাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন মমতা। সেই ছবির সঙ্গে দেওয়া বার্তাই তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভোটের বাংলায় প্রচারের নতুন হাতিয়ার চার্জশিট রাজনীতি। তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শনিবার কলকাতায় বসে ৩৫ পাতার চার্জশিট পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পাল্টা হিসেবে শাসকদল তৃণমূল কংগ্রেসও ‘মোটা ভাই জবাব চাই’ শিরোনামে বিস্তারিত পাল্টা চার্জশিট সামনে এনেছে। এই আবহেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নাম না করেই শাহকে নিশানা করে তাঁকে ‘দিল্লির জমিদার’ বলে কটাক্ষ করেন।

ফেসবুকের এক পোস্টে মুখ্যমন্ত্রীর বার্তা স্পষ্ট ও আক্রমণাত্মক— বাংলার মানুষ নিজেদের অধিকার আদায় করতে জানে এবং দীর্ঘ বঞ্চনার জবাব তারা ভোটবাক্সেই দেবে। তিনি লিখেছেন, বাংলা কখনও কারও দয়া-দাক্ষিণ্যে বাঁচেনি, ভবিষ্যতেও বাঁচবে না। একইসঙ্গে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, কোনও ষড়যন্ত্র বা চক্রান্ত করে বাংলার মানুষকে পরাজিত করা সম্ভব নয়।

Advertisement

শনিবার রাজনৈতিক প্রেক্ষাপটে একদিকে যখন নিউটাউনের একটি বিলাসবহুল হোটেলে বসে অমিত শাহ তৃণমূলের বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ তুলে ধরেছিলেন, অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসংযোগে ব্যস্ত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

প্রতিদিনের মতোই দিনভর প্রচারের শেষে শনিবার সন্ধ্যায় সমাজমাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন মমতা। সেই ছবির সঙ্গে দেওয়া বার্তাই তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছে। তাঁর বক্তব্য, বাংলার মানুষের আশীর্বাদই শেষ কথা বলবে এবং ‘অনিষ্টকারীর গুপ্ত মন্ত্রণা ভেস্তে যাবে’।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই চার্জশিট বনাম পাল্টা চার্জশিটের লড়াই নির্বাচনী প্রচারের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। একদিকে কেন্দ্রীয় নেতৃত্বের আক্রমণ, অন্যদিকে রাজ্যের শাসকদলের পাল্টা— এই দ্বিমুখী সংঘাতে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভোটের আবহ। রাজনৈতিক মহলের মতে, এই তীব্র বাকযুদ্ধ আগামী দিনে আরও বাড়বে এবং ভোটের ফলাফলে তার প্রভাব পড়তেই পারে।

Advertisement