বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিল কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর। রাজ্যের বর্তমান পুলিশ মহাপরিচালক সিদ্ধ নাথ গুপ্তর চাকরির মেয়াদ আরও ছ’মাস বাড়ানোর নির্দেশ জারি করা হয়েছে। তাঁর অবসর নেওয়ার কথা ছিল ৩০ এপ্রিল। সোমবার কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের তরফে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয় রাজ্যের মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালার কাছে। সেখানে জানানো হয়েছে, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রযোজ্য নিয়ম শিথিল করেই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যের প্রশাসনিক কাঠামোয় একাধিক বড় বদল দেখা যায়। তারই অংশ হিসেবে পীযূষ পান্ডের জায়গায় দায়িত্ব পান সিদ্ধ নাথ গুপ্ত। একই সময়ে কলকাতা পুলিশের কমিশনার, আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা উচ্চপদস্থ আধিকারিক এবং সংশোধনাগার দপ্তরের কর্তাদেরও বদলি করা হয়।
Advertisement
শুধু পুলিশ প্রশাসনই নয়, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনার পদেও পরিবর্তন আনা হয়। পরবর্তী সময়ে আরও বহু আইএএস ও আইপিএস আধিকারিকের বদলি, স্থানান্তর ও দায়িত্ব বদল করা হয়। পাশাপাশি ব্লক স্তরের আধিকারিক ও পুলিশ ইন্সপেক্টর স্তরেও একাধিক পরিবর্তন ঘটে।
Advertisement
এই ব্যাপক বদলিকে শুরু থেকেই বিরোধিতা করে আসছিল শাসক তৃণমূল কংগ্রেস। এমনকি তারা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেও আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি হয়নি।
ভোটের ঠিক আগে ডিজিপির মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে কেন্দ্রের তরফে দাবি করা হলেও, বিরোধীরা এর পিছনে অন্য রাজনৈতিক বার্তা খুঁজছেন।
Advertisement



