• facebook
  • twitter
  • youtube
Tuesday, 23 June, 2026

মেসি কাণ্ডে আপাতত স্বস্তি অরূপ বিশ্বাসের, সিঙ্গেল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করল না ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্তকারী সংস্থা আইন মেনে তদন্ত চালিয়ে যেতে পারবে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে অরূপ বিশ্বাসকে।

কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দারস্থ হয়েছিলেন শতদ্রু দত্ত। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে শতদ্রু দত্তের পক্ষের আইনজীবী অরিন্দম জানা বলেন, ‘সিঙ্গেল বেঞ্চ তাঁকে রক্ষাকবচ দিয়েছে।’ কিন্তু প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। ওই ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপ করছে না অভিযোগ করেন শতদ্রুর আইনজীবী। এর পাশাপাশি তিনি এও দাবি করেন ঘটনার পরে শুধুমাত্র এফআইআর দায়ের হয়েছে।

পাল্টা অরূপ বিশ্বাসের পক্ষে আদালতে সওয়াল করেন রাজ্যের প্রাক্তন এডভোকেট জেনারেল আইনজীবী কিশোর দত্ত। তিনি শতদ্রুর মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। আদালত কোনও নির্দেশ দিলে অভিযোগকারীর তদন্ত নিয়ে বলার কোনও অধিকার থাকে না। ফলে তাঁর মামলা খারিজ করা উচিত বলে জোরালো সওয়াল করেছিলেন আইনজীবী কিশোর দত্ত।

এদিন দু’পক্ষের বক্তব্য শোনার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী রাজ্যের এডভোকেট জেনারেলের কাছে জানতে চান, অরূপ তদন্তে সহযোগিতা করছেন কি না। প্রাক্তন মন্ত্রী আগাম জামিনের আবেদন করেছেন কি না এবং তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিচ্ছেন কি না। উত্তরে রাজ্যের আইনজীবী জানান, অরূপ তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন। এদিনও তিনি বিধাননগর থানায় হাজিরা দিয়েছেন।

রাজ্যের আইনজীবীর বক্তব্য শোনার পরে আদালত মামলার শুনানি মুলতুবি রাখে। প্রসঙ্গত, মেসি কাণ্ডে অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ বুধবার জানিয়ে দিয়েছে, আগামী ১৭ আগস্ট পর্যন্ত অরূপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না। অর্থাৎ ওই দিন পর্যন্ত আপাতত কার্যকর থাকছে অরূপের রক্ষাকবচ। সেইসঙ্গে একাধিক শর্তও বেঁধে দিয়েছে হাইকোর্ট।

আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্তকারী সংস্থা আইন মেনে তদন্ত চালিয়ে যেতে পারবে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে অরূপ বিশ্বাসকে। ভবিষ্যতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠালে তাঁকে অবশ্যই হাজিরা দিতে হবে। তবে সেই নোটিস অন্তত ৪৮ ঘণ্টা আগে দিতে হবে বলে আদালত স্পষ্ট জানিয়েছে। এছাড়া আদালত জানিয়েছে, তদন্তে অসহযোগিতা করা চলবে না। যদি নোটিস পাওয়ার পরও তিনি সাড়া না দেন, তাহলে তদন্তকারী সংস্থা বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। আদালতের অনুমতি ছাড়া নির্দিষ্ট এলাকার বাইরে যাওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করা হয়েছিল। আগামী ২ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।