• facebook
  • twitter
Saturday, 7 February, 2026

‘সংকল্পপত্র পরামর্শ যাত্রা’য় বিজেপি, রাজ্যবাসীর মন বুঝতে ড্রপ বক্স চালু

বিজেপির দাবি, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান, শিল্পে বিনিয়োগ বৃদ্ধি এবং সামগ্রিক উন্নয়ন— এই তিনটিকে সামনে রেখেই ইস্তেহার গড়া হবে।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জন-মন বুঝতে পথে নামল রাজ্য বিজেপি। দলের নতুন সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন রাজ্য নেতৃত্বকে মাঠে নামার নির্দেশ দেওয়ার পর শনিবার থেকেই শুরু হল ‘সংকল্প পত্র পরামর্শ যাত্রা কর্মসূচি’। এদিন সল্টলেকের দলীয় দপ্তর থেকে এই কর্মসূচির সূচনা করেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। উপস্থিত ছিলেন তাপস রায় ও স্বপন দাশগুপ্ত।

রাজ্যজুড়ে ১০০০টি স্থানে ‘ড্রপ বক্স’ রাখা হবে বলে জানিয়েছেন শমীক। তাঁর দাবি, ‘আমাদের সংকল্প পত্র যেন সর্বব্যাপী হয়, সেই কারণেই এই কর্মসূচি। ২ কোটি ৩৮ লক্ষ মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। পরিবর্তনের আশা রয়েছে মানুষের মনে। তাঁদের পরামর্শ নিয়েই আমরা ইস্তেহার তৈরি করতে চাই।’

Advertisement

দলীয় সূত্রে জানানো হয়েছে, বিজেপির ৪৩টি সাংগঠনিক জেলায় এই কর্মসূচি চলবে। ১৭ ও ১৮ ফেব্রুয়ারি কলকাতায় ভ্রাম্যমাণ গাড়িতে করে ড্রপ বক্স ঘোরানো হবে। নির্দিষ্ট একটি নম্বরে যোগাযোগ করে বা কিউআর কোডের মাধ্যমে, এমনকি সরাসরি দলীয় দপ্তরে চিঠি দিয়েও মতামত জানানো যাবে।

Advertisement

শমীক ভট্টাচার্যের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করতে গিয়ে ১৩টি কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত করা হয়েছে। সেই প্রকল্পগুলির সুফল ব্যাখ্যা করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে প্রায় ১০ হাজার চিঠি পাঠানো হবে। সেনাবাহিনীর সদস্য, শিক্ষক-অধ্যাপক, ছোট-বড় ব্যবসায়ী, অসংগঠিত শ্রমিক থেকে প্রান্তিক মানুষ— সবাইকে এই পরামর্শ প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্য নিয়েছে দল।

বিজেপির দাবি, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান, শিল্পে বিনিয়োগ বৃদ্ধি এবং সামগ্রিক উন্নয়ন— এই তিনটিকে সামনে রেখেই ইস্তেহার গড়া হবে। তবে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, বারবার নির্বাচনী ময়দানে পিছিয়ে পড়ার পর এই নতুন কর্মসূচি কতটা ফলপ্রসূ হবে?

সমালোচকদের মতে, নিচুস্তরের সাংগঠনিক দুর্বলতা ঢাকতেই জনতার সরাসরি মতামত নেওয়ার পথে হাঁটছে গেরুয়া শিবির। অন্যদিকে, বিজেপি নেতৃত্বের দাবি, ‘সংকল্প পত্র পরামর্শ যাত্রা’ই হবে ছাব্বিশের লড়াইয়ের ভিত মজবুত করার প্রথম পদক্ষেপ।

Advertisement